বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম: দলমার হাতির পালের তাণ্ডবে ঝাড়গ্রামে বিঘার পর বিঘা জমির আনাজ ও ধান চাষের দফারফা। সোমবার ক্ষুব্ধ চাষিরা সাঁকরাইল ব্লকের বাঁকড়া চকে গুপ্তবনি থেকে কুলটিকরি যাওয়ার রাস্তায় পথ অবরোধ করে। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ এবং এলাকা থেকে হাতির দলকে তাড়ানোর দাবি করেছেন তাঁরা।
শনিবার গভীর রাতে দলমা থেকে আসা প্রায় ৭০ টি হাতি পশ্চিম মেদিনীপুরের মনিদহ ঘাট থেকে কংসাবতী নদী পেরিয়ে ঝাড়গ্রামের মানিকপাড়ায় ঢুকে ১২ টি গ্রামে ক্ষয়ক্ষতি করে। রবিবার ভোরে গুপ্তমনির কাছে ৬ নং জাতীয় সড়ক পার হয়ে কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে চলে যায়। রবিরার রাতে ঐ হাতিগুলি কয়েকটি দলে ভাগ হয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে পাথরা গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তাণ্ডব চালায় l
অবরোধকারী এক মহিলা বলেন, “গতকাল রাতে প্রায় ১০০ বিঘার জমির ফসল ও ধানের ক্ষতি করেছে। গ্রামের বহু মাটির বাড়ি ভেঙে দিয়েছে। আমার বাড়ির দেওয়ালও হাতি গুড়িয়ে দিয়েছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে কী খাব? সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।” তাঁরা জানান, গত বছর হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরেও কেউ কোনও ক্ষতিপূরণ পাননি। প্রতিবারের মতো এ বারও বনদফতর এসে দেখে চলে যায়। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাঁরা পথ অবরোধ চালিয়ে যাবেন।