
শেষ আপডেট: 13 August 2018 12:46
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ঘটনা পরম্পরায় জড়িয়ে রয়েছে রাজনীতিতে তাঁর ওঠাপড়া। সোমবার তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টেনে আনলেন সেই প্রসঙ্গ। বললেন, “সোমনাথ দা আজ চলে গেলেন। উনি আমাকে তিরষ্কার করেছিলেন সংসদে। সেটা অবশ্য রাজনীতির ব্যাপার। কিন্তু আমি সৌজন্য ভুলি না।”
২০০৫ সালে লোকসভায় তৃণমূল কংগ্রেসের একমাত্র সাংসদ ছিলেন মমতাই। সে’সময় পশ্চিমবাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলতে চেয়েছিলেন তৃণমূলনেত্রী।
কিন্তু লোকসভার তৎকালীন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটওয়াল জানিয়ে দেন যে স্পিকার সোমনাথ বাবু এ বিষয়ে মমতাকে সেদিন কথা বলার অনুমতি দেননি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মমতা। হাতে ধরা কাগজ ছুঁড়ে দেন স্পিকারের আসনে বসা অটওয়ালের দিকে।
তারপরেই সাংসদ পদে ইস্তফাও দিতে চান মমতা। খবর পেয়ে সংসদে ছুটে আসেন স্পিকার সোমনাথ। সেই পদত্যাগপত্র তিনি গ্রহণ করেননি। কিন্তু তীব্র ভাষায় নিন্দা করেছিলেন মমতার আচরণে।
সে দিনের সেই ঘটনার কথাই উঠে এল আজ মুখ্যমন্ত্রীর কথায়।একই সঙ্গে তিনি আরও জানান প্রার্থী হিসেবেই প্রথমবার তাঁর দেখা হয়েছিল সোমনাথ বাবুর সঙ্গে।
১৯৮৪ সালে যাদবপুর লোকসভা আসনে সোমনাথ বাবুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা। বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়ে সেই তাঁর রাজ্য রাজনীতির প্রথম সারির মুখ হয়ে ওঠা।