
শেষ আপডেট: 27 April 2023 06:33
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: স্কুল (school) কেটে পালিয়ে কোপাইয়ের তীরে বসে আড্ডা দিচ্ছিল ছয় বন্ধু। সেসময় দু'জন ঠিক করে জলে নেমে স্নান করবে। তাদের কথা শুনে বাকি বন্ধুরা বারণ করে। এরপরেও তারা কথা শোনেনি। বন্ধুদের কথা অগ্রাহ্য করে জলে নামতেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি! স্নানের সময় জলের স্রোতে তলিয়ে গেল দুই কিশোর (students drowned in Kopai)। যদিও একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও দ্বিতীয়জনের খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটেছে বোলপুরের (Bolpur) গোয়ালপাড়ায়।
এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশেও। জানা গিয়েছে, গোয়ালপাড়া গ্রামে কোপাই ভিউপয়েন্টের অনতিদূরে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, মাঝেমধ্যেই স্কুল পালিয়ে সেখানে পড়ুয়ারা আড্ডা দিতে আসে। অনেকেই সাঁতার না জেনে জলে নেমে পড়ে। তাদের বারণ করা হলেও শোনে না। বুধবার যে দু'জন জলে নেমেছিল, তাদের নাম সায়ক পাল ও সৌমেন পাল। দুই বন্ধুরই বাড়ি বোলপুরের প্রফেসর কলোনি এলাকায়।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, তারা সবাই প্রান্তিকের টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করে। প্রত্যেকেই দ্বাদশ শ্রেণির ছাত্র। স্কুল বাঙ্ক করে তারা সবাই বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ কোপাইয়ের ধারে গিয়েছিল। তখনই স্নান করতে নেমে তলিয়ে যায় দু'জন। অনেক পরে গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় জল থেকে উদ্ধার করা হয় একজনের দেহ। স্বাভাবিকভাবেই এই দুই স্কুল পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
ময়নাগুড়ির বিজেপি বিধায়ক ঋণ নিয়ে শোধ দেননি, গায়ের গয়না খুলে ব্যাঙ্কে স্ত্রী