দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে ধুপগুড়ির বামনটারি এলাকায় হাতি দেখতে গিয়েছিলেন প্রমোদ মোদক। সঙ্গে ছিল তাঁর চার বছরের নাতনি লক্ষ্মী মোদক। এমন সময় এক বনকর্মীর বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। গুলি লাগে দাদু ও নাতনির গায়ে। এরপর গ্রামবাসীরা বনকর্মীদের ওপরে চড়াও হন। প্রমোদবাবুর পরিবারের অভিযোগ, ইচ্ছা করে ওই বনকর্মী তাঁদের বাড়ির দিকে গুলি চালিয়েছেন। তখনই দু'জন আহত হয়েছে।
বনকর্মী নীরেন মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় তাঁরা দাদু ও নাতনিকে নিয়ে যান ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দু'জনকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন, এক বনকর্মীর হাত ফসকে বন্দুকটি পড়ে গিয়েছিল। তিনি মাটি থেকে বন্দুক তুলতে গেলে আচমকা গুলি বেরিয়ে যায়। যদিও মোদক পরিবারের সদস্যদের দাবি, এদিন বনকর্মীরা দুপুরে তাঁদের বাড়ির পাশে বসে মদ্যপান করেন। তারপর হাতির দিকে গুলি না ছুড়ে তাঁদের বাড়ির দিকে গুলি ছুড়তে থাকেন। বাড়ির সামনে ছিলেন প্রমোদ মোদক। সঙ্গে ছিল তাঁর নাতনী লক্ষ্মী। দু'জনের গায়ে গুলি লাগে। বাড়ির টিনের চালে ও অন্যত্রও গুলি লেগেছে। মোদক পরিবারের সদস্য বিজলি মোদক জানিয়েছেন, বনকর্মীদের বিরুদ্ধে তাঁরা থানায় নালিশ করবেন।
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান ওনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি। পরে তিনি বলেন, এক বনকর্মীর বন্দুক থেকে গুলি বেরিয়ে দু'জন আহত হয়েছে। আমরা আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। গ্রামবাসীদের বলেছি, পুরো ঘটনার তদন্ত হবে। হাতি এখনও ওই এলাকায় আছে। আমরা এলাকার ওপরে নজর রাখছি।