দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : মঙ্গলবার সকালেই ঘুঘুমারিতে কর্মিসভা করতে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভোট প্রচারের অঙ্গ সেই কর্মিসভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে ভোটারদের বলেন, কেন্দ্রীয় বাহিনী নয়, তাঁরাই পাশে থাকবেন বছরভর। যে মন্তব্যকে একরকম হুঁশিয়ারি বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।
ঘুঘুমারির সভায় এ দিন রবীন্দ্রনাথবাবু বলেন, “সেন্ট্রাল ফোর্স এই ক’দিন থাকবে। পাঁচ বছর থাকবে না। ভোটের পরে চলে যাবে। ভোটের পরে আমাদেরই থাকতে হবে। তাই ভোটের আগে ভয়ভীতি যাই দেখাক, আপনারা ভয় পাবেন না। ভোটের দিন সকাল সকাল ভোটের স্লিপ, আইডেন্টিটি কার্ড নিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।”
https://www.youtube.com/watch?v=TwIXlQG1eUE&feature=youtu.be
রবীন্দ্রনাথবাবুর এই মন্তব্যকে ঘিরেই দানা বাধে বিতর্ক। এলাকাবাসীর প্রশ্ন, তবে কি মন্ত্রী মনে করিয়ে দিলেন, ভোটের ক’দিনের নিরাপত্তা দিতে পারে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তারপরের নিরাপত্তা দেখার জন্য থাকবেন তাঁরাই। তাই ভোট দিতে হবে মন্ত্রীর ইচ্ছে মতোই?
এ দিকে যে ঘুঘুমারিতে দাঁড়িয়ে আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছিলেন মন্ত্রী, সেখানেই আজ বিকেলে এসে পৌঁছল এক কোম্পানি আধা সামরিক বাহিনী।