দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনানের মেনলোক গ্রাম। সংঘর্ষে আহত দু’পক্ষের ১২ জনকে বাগনান এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর ও লুঠপাট চালায় বলে গ্রামের মানুষের অভিযোগ।
সোমবার দুপুর থেকেই অশান্তির সূত্রপাত। বাগনানের তৃণমূল বিধায়ক অরুনাভ সেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাগনানের মেনলোক গ্রামে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। সোমবার অঞ্চল সভাপতি শেখ আইয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল ওই এলাকা পরিদর্শনে যান। ফেরার পথে তাঁদের উপর চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা। মারধরে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক জখম হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটা গাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পরে এলাকায় জমায়েত করেছিল তৃণমূলের বিশাল বাইকবাহিনী। তারপরেই শুরু হয় বোমাবাজি। এলাকার এক প্রৌঢ়া মঙ্গলা প্রামাণিক বলেন, ‘‘নাতনিকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। যাওয়ার সময় তৃণমূলের জমায়েত দেখি। পাশ দিয়ে চলে যেতে পারব ভেবেছিলাম। হঠাৎই একটা বোমা এসে পড়ে। আমার বাঁ হাতে চোট লেগেছে।’’
হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডলের পাল্টা অভিযোগ, ওই এলাকায় প্রতিদিন সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এ দিনও বোমাবাজি করে তারা। তিনি বলেন, ‘‘আমাদের কর্মীদের মারধর করেছে ওরা। বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এলাকায় কোণঠাসা বলেই এখন হারানো জমি ফিরে পেতে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।’’
এই চাপানউতোরে মঙ্গলবারও উত্তপ্ত বাগনানের মেনলোক গ্রাম। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।