দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : জয়নগর থানার গোচারণ থেকে ডোসাহাট যাওয়ার পথে নির্জন রাস্তা দেখে দাঁড় করানো হয়েছিল দুধের গাড়িটিকে। এলাকার মানুষ দেখতে পেয়েছিলেন তা। কিন্তু মাথা ঘামাননি কেউই। কিন্তু দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়েছিল সেখানে। ওঠানামা করছিলেন আরোহীরা। এরপরেই কৌতুহলী হয়ে দুয়েক জন করে এগিয়ে যান দুধের গাড়ির কাছে। দেখতে পান গাড়িতে থাকা চারজন দুধের ক্যানগুলি খুলে পাউডার মেশাচ্ছেন দুধে। ঢালছেন জল।
নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দুধে ভেজাল মেশানো হচ্ছে, এই খবর রটে যায় নিমেষে। গ্রামবাসীরা খবর দেন জয়নগর থানায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। ঘিরে ফেলা হয় গাড়িটি। দুধে ভেজাল মেশানোর অভিযোগে গ্রেফতার করা হয় চার যুবককে।
পুলিশ ওই গাড়ি থেকে আটক করেছে ১৩ টি দুধের ক্যান এবং সন্দেহজনক বেশ কয়েকটি খালি ও ভর্তি পাউডারের প্যাকেট। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোরাচাঁদ বসু, বিকাশ ঘোষ ও উত্তম নস্কর এবং সানি সর্দার। এরা সকলেই সোনারপুর থানার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে দমদম এলাকার খাটাল থেকে দুধ নিয়ে এসে বিভিন্ন জায়গায় সরবরাহ করে তারা। দুধের পরিমাণ বাড়াতেই তাতে নানারকম পাউডার মেশানো হয়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নির্জন রাস্তা এ কাজের জন্য বেছে নেওয়া হয়। গাড়ির মধ্যেই খাটাল থেকে আনা দুধে পাউডার মিশিয়ে তা পরিমাণে বাড়িয়ে তারপর সরবরাহ করা হয় বিভিন্ন এলাকায়। এ দিনও সেই একই কাজ করা হচ্ছিল। কিন্তু এখানে গ্রামের মানুষের সতর্কতায় তা ভেস্তে যায়।
দুধে মিশ্রিত ওই সব সন্দেহজনক পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই পাউডার তারা কোথা থেকে সংগ্রহ করে বা এই কাজের সঙ্গে আরও কারা যুক্ত আছে তা জানার চেষ্টা চলছে। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়।