
শেষ আপডেট: 18 December 2019 07:41
প্রতি বছরই এই বিশেষ দিনে ভক্তদের ভিড় উপচে পড়ে সারদাদেবীর জন্মভিটেয়। মঙ্গলবার থেকেই জয়রামবাটিতে ভিড় জমাতে শুরু করেছেন তাঁরা। বুধবারও যত বেলা বাড়ছে ততই ভক্তদের ভিড় বাড়ছে মন্দির প্রাঙ্গনে।
মাতৃ মন্দিরের পক্ষে স্বামী ধ্যাননিষ্ঠানন্দ মহারাজ বলেন, “মঙ্গলারতির মধ্য দিয়ে আজ ভোরে শ্রী শ্রী মায়ের ১৬৭ তম জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে। সারা দিন ধরেই চলবে নানা অনুষ্ঠান। শুধু এ রাজ্য নয়, দেশ এবং বিদেশ থেকেও ভক্তরা এসেছেন। আসলে ভালবাসা দিয়েই তো মানুষকে জয় করেছিলেন তিনি। আজকের পৃথিবীতে সেই ক্ষমা, ভালবাসার আদর্শ তো আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই আরও অমোঘ হয়েছে মায়ের টান।”
সারদা মায়ের জন্মতিথিতে প্রতিবছরই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। এ বার কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ সেই সভায় সভাপতিত্ব করবেন বলে তিনি জানান। সকালে মাতৃমন্দিরের সন্যাসী, স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা জয়রামবাটির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
বেলুড়মঠেও পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উৎসব। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়। সকালে প্রভাতফেরি হয়। সারাদিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান। সকাল থেকেই ভক্ত সমাগম বেলুড় মঠে। ভক্তরা অনেকেই সারাদিন বেলুড় মঠে মায়ের জন্মতিথি উৎসবে সামিল হয়ে সন্ধ্যারতি দেখে বাড়ি ফিরবেন।