দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করল মন্দির কমিটি। একই সঙ্গে তারা মায়ের বিগ্রহে তেল, অগুরু, গোলাপজল ও আলতা ঢালা যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার অর্থাৎ পয়লা পৌষ থেকে লাগু হবে নতুন ব্যবস্থা।
তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক তারাময় মুখোপাধ্যায় জানান, “মন্দিরের এবং তারা মায়ের গর্ভগৃহের পবিত্রতা বজায় রাখতে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বহু দর্শনার্থী তারা মায়ের গায়ে আলতা, অগুরু, গোলাপজল ইত্যাদি এমনভাবে ঢেলে দিচ্ছেন যাতে বিগ্রহের পবিত্রতা নষ্ট হচ্ছে। মন্দিরের গর্ভগৃহে নারকেল ইত্যাদি ভেঙে ফেলায় ক্ষতি হচ্ছে মন্দিরের গর্ভগৃহের। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দির কমিটি।”
তিনি জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কোনও পালাদার সেবাইত সাধারণ দর্শনার্থীদের জন্য গর্ভগৃহের রেলিংয়ের তালা খুলতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে। তবে একটা মহল থেকে আপত্তি ওঠায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। তারাময়বাবু বলেন, “রেলিং খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করার জন্য আমরা আবার আলোচনায় বসবো। তারপর এই সিদ্ধান্ত কার্যকরী হবে কি না তা জানাবো।”
বছরের বিভিন্ন সময়, বিভিন্ন তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। এইসব পূণ্যার্থীদের নিরাপত্তা ও মন্দিরের পবিত্রতা বজায় রাখতে তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এর আগেও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কও। অনেকেই বলছেন, “যদি এমনটা হয়ে থাকে খুবই ভালো, কিন্তু পাশাপাশি পাণ্ডাদের ঔদ্ধত্যও নিয়ন্ত্রণে আনতে হবে।”