দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কাপড়ের ব্যাগ তৈরির কারখানায় সামান্য কাজ করে চলে দিন। বৃহস্পতিবার কারখানা থেকে বাড়ি ফেরার পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন রাস্তায়। কৌতুহলী হয়ে খুলে দেখেন সোনার বালা, হার, দুল রয়েছে ব্যাগে। হতচকিত হয়ে পড়েন ধানতলার বাসিন্দা সুবোধ সরকার। বিকেল থেকে খোঁজখবর করতে করতে অবশেষে খোঁজ পান সুনয়নী সরকারের। গয়নার মালিকের হাতে হারানো গয়না তুলে দিয়ে নিশ্চিন্ত হন সুবোধবাবু।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানতলার পানিখালি এলাকার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছিলেন বছর তিরিশের বধূ সুনয়নী। চাপরায় তাঁর বাপের বাড়ি। বেশ কিছুটা বাসে করে গিয়ে বাস থেকে নেমে ভাইয়ের মোটরবাইকে ওঠেন তিনি। বাপের বাড়ি পৌঁছে বুঝতে পারেন সবকিছু নিয়ে এলেও মাঝরাস্তায় খোয়া গিয়েছে গয়নার ব্যাগ। তাতে রয়েছে প্রায় দেড় লক্ষ টাকার গয়না। সঙ্গে সঙ্গে যে পথে এসেছেন ফিরে যান সে পথে। যদি মেলে হারিয়ে যাওয়া ব্যাগ। কিন্তু ততক্ষণে খোয়া যাওয়া ব্যাগ কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে গিয়েছেন সুবোধবাবু। খোঁজ নিচ্ছেন, কে হারিয়ে ফেলেছেন ব্যাগ ?
অবশেষে গতকাল রাতেই সুনয়নীর সঙ্গে যোগাযোগ হয় সুবোধবাবুর। আজ সকালে তাঁর হাতে গয়নার ব্যাগ তুলে দেন সুবোধবাবু। গয়নার ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছিলেন সুনয়নী। এ ভাবে তা ফেরত পেয়ে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছেন সুবোধবাবুকে। অন্যদিকে ব্যাগ তৈরির কারখানার কর্মচারি সুবোধবাবু বললেন, “সংসারে অভাব রয়েছে। তাই বলে কি পরের জিনিস নেব? মনে মনে খুব দুশ্চিন্তায় ছিলাম। কাল সারারাত ঘুমোতে পারিনি। ব্যাগটি ফেরত দিতে পেরে আজ হালকা লাগছে।”