
শেষ আপডেট: 12 November 2018 07:05
রবিবার সারা দিন স্কুলবাড়ি সাফসুতরো করা হয়। আজ স্কুল খোলার পরে প্রার্থনা শেষে রাজেশ ও তাপসের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে পড়ুয়ারা। তারপরেই শুরু হয় ক্লাস। দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি পড়ুয়ারা। স্বস্তি পেয়েছেন শিক্ষক শিক্ষিকারাও।
উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগের প্রতিবাদে ছাত্র আন্দোলনের জেরে গত ২০ সেপ্টেম্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দাড়িভিট স্কুল সংলগ্ন এলাকা। গুলিতে মৃত্যু হয়েছিল স্কুলের দুই প্রাক্তন পড়ুয়ার। পুলিশের গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে দাবি করে পরিবার। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রশাসন। সেই থেকেই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন ওই দুই ছাত্রের পরিবার ও পড়শিরা। এই দাবিতেই এত দিন স্কুলও খুলতে দেননি তারা। অবশেষে নানা মহলে আলাপ আলোচনা, দফায় দফায় বৈঠক ইত্যাদির পর অবশেষে ৫৩ দিন পর চালু হল স্কুল। এরমধ্যে অবশ্য পুজোর ছুটি সহ বিভিন্ন ছুটি ছিল।