দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় বিজেপি সভাপতি অমিত শাহ-র বিরুদ্ধে মামলা করার হুমকি দিল তৃণমূল কংগ্রেস।
শনিবার কলকাতার মেয়ো রোডে স্বাভিমান সমাবেশ ছিল বিজেপি যুব মোর্চার। ওই সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার পর ঘণ্টাখানেকও কাটেনি, অমিতের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় তৃণমূল।
দলীয় তরফে সাংবাদিক বৈঠক করে এ দিন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “অমিত শাহ একটা ফ্লপ শো করেছেন। উনি আল ফাল দুর্নীতির কথা বলেছেন। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন।” ডেরেক বলেন, "উনি যদি চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, তা হলে আইনত ব্যবস্থা নেব। তাঁর কথায়, বাংলার সভ্যতা, শুদ্ধ শুচি, সুস্থ রুচি, সংস্কৃতি কিছুই বোঝেন না। কিছু না জেনে ভুল বকছেন।"
https://www.youtube.com/watch?v=jqm9E6Fe7Yk
অমিত শাহকে 'দুর্নীতির ডাকাত' বলে মন্তব্য করেন ডেরেক। তৃণমূলের মুখপাত্র বলেন, দুর্নীতির ডাকাতি, দাঙ্গার ডাকাতি করে গুজরাতে পার পাওয়া যায়, কিন্তু বাংলাতে ওসব চলবে না।
তাৎপর্যপূর্ণ হল, এনআরসি বা অনুপ্রবেশ নিয়ে অমিতের আক্রমণের জবাব সে ভাবে দেয়নি তৃণমূল। বরং কৌশলে গোটা বিতর্কই নির্দিষ্ট দিকে ঘোরাতে চেয়েছে। তা হল, বিজেপি বাংলা-বিরোধী। অমিত শাহ বাংলাকে অপমান করেছেন।