
শেষ আপডেট: 10 May 2019 13:35
দু-সপ্তাহ আগে ময়নাগুড়ি ব্যাংকান্দি এলাকায় দুজনকে জখম করে চিতাবাঘ। এরপরে এলাকায় অভিযানে নামে বন দফতর। ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হয় একটি চিতাবাঘকে। এরপরে নতুন করে চিতাবাঘের হানা শুরু হয় ময়নাগুড়ি শহরে। শহরের সিনেমাহল পাড়া, পাওয়ার হাউস সংলগ্ন বিভিন্ন এলাকায় পায়ের ছাপ মেলে চিতাবাঘের। নানা পাড়ায় খাঁচা পাতলেও এখনও ধরা পড়েনি চিতাবাঘ। গত সোমবারই শহরের কেন্দ্রে তৃণমূলের পার্টি অফিসে বসে আস্ত ছাগল চিবিয়ে খায় চিতাবাঘ।
চিতাবাঘ খাঁচাবন্দি না হওয়ার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ। ময়নাগুড়ি বাসিন্দাদের পক্ষ থেকে গণদাবিপত্র দেওয়া হয় বিডিওকে। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ ডাকা হয় প্রশাসনিক বৈঠক। বনদফতরের কর্তা, ময়নাগুড়ি থানার আধিকারিক, ও বিডিও অফিসের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিডিও লেনড্রুপ শেরপা। পরে বিডিও জানান, আজ রাত থেকে পুলিশকে সঙ্গে নিয়ে ময়নাগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পেট্রোলিং করবে বনদফতর।
তিনি বলেন, “কোথাও কোনোভাবে চিতাবাঘ বা তার পায়ের ছাপ দেখা গেলেই তৎক্ষণাৎ তা জানাতে হবে স্থানীয় পঞ্চায়েত বা বনদফতরকে। ময়নাগুড়ির শহর ও সংলগ্ন এলাকায় যে ঝোপঝাড় রয়েছে তা অবিলম্বে পরিষ্কার করা হবে।”
গরুমারার রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী বলেন, “বিভিন্ন জায়গায় পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। আমরা খাঁচা পেতেছি। আজ থেকে এলাকায় টহলদারি শুরু হবে।”