আবহাওয়াবিদদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যজুড়ে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। কখনও পারদ সামান্য ওপরে উঠবে, আবার কখনও একটু নামবে - এই স্বাভাবিক ওঠানামার মধ্যেই শীতের রেশ টিকে থাকবে। বিশেষ করে ভোররাত ও সকালে শিরশিরে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে যাবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 January 2026 09:59
দ্য ওয়াল ব্যুরো: এবারের শীতে আর নতুন করে কাঁপুনি দেওয়া ঠান্ডা (West Bengal Winter Update) ফেরার সম্ভাবনা নেই - এমনই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। তবে তার মানে এই নয় যে শীত পুরোপুরি বিদায় নিচ্ছে এখনই। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, আপাতত রাজ্য জুড়েই শীতের হালকা আমেজ বজায় থাকবে (West Bengal Weather)। রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় সেই শীতের দাপট অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যজুড়ে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না (Kolkata Winter Update)। কখনও পারদ সামান্য ওপরে উঠবে, আবার কখনও একটু নামবে - এই স্বাভাবিক ওঠানামার মধ্যেই শীতের রেশ টিকে থাকবে। বিশেষ করে ভোররাত ও সকালে শিরশিরে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে যাবে।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম - সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে শনিবার পর্যন্ত ভোরের দিকে একাধিক জেলায় হালকা, আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে শহর কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
চলতি সপ্তাহে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। ফলে সকাল ও রাতে হালকা শীত অনুভূত হলেও, দিনের বেলায় শীতের উপস্থিতি তেমনভাবে টের পাওয়া যাবে না। আবহাওয়া দফতরের অনুমান, বঙ্গে শীতের বিদায় ঘটতে এখনও সময় আছে - ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত শীতের এই মৃদু উপস্থিতি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো নীচু এলাকার জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিনে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আজ কালিম্পঙের এক বা দু'টি অংশে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের কিছু এলাকায় বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই দু’টি এলাকা ছাড়া উত্তরবঙ্গের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
সব মিলিয়ে, রাজ্যে তীব্র শীতের প্রত্যাবর্তন না হলেও আপাতত শীতের আমেজ পুরোপুরি বিদায় নিচ্ছে না - এমনটাই বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।