৩০ জন চিকিৎসকের অভিজ্ঞতা ও বাস্তব কাহিনিতে সাজানো স্বাস্থ্যবিষয়ক বই ‘ঈশ্বর যখন মানুষ’ প্রকাশিত হল বইমেলায়।

বইমেলায় নতুন বই।
শেষ আপডেট: 28 January 2026 17:55
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল এক ব্যতিক্রমী স্বাস্থ্যবিষয়ক বই— ‘ঈশ্বর যখন মানুষ’। দেশের নানা প্রান্তের ৩০ জন খ্যাতিমান চিকিৎসকের বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও উপলব্ধির সংকলনে প্রকাশিত এই বইটি আনছে সাহিত্যম প্রকাশনী।
বর্তমান ডিজিটাল যুগে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য হলেও যাচাইহীন তথ্যের উপর নির্ভর করা কখনও কখনও বিপজ্জনক হতে পারে। সেই প্রেক্ষাপটে এই গ্রন্থে চিকিৎসকেরা সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন, দুশ্চিন্তা এবং প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ দিয়ে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বইটি বার্তা দেয় যে, সঠিক তথ্যই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।
‘ঈশ্বর যখন মানুষ’ শুধুমাত্র চিকিৎসকদের লেখা নয়। এতে রয়েছে মানুষের রোগ-নিরাময় ও জীবনের সংগ্রামের নানা গল্প। রোগমুক্তির লড়াইয়ে চিকিৎসকেরা যখন নিজেদের বিলিয়ে দেন, তখন তারা মানুষের অসহায়তা, মানসিক দৃঢ়তা, আশা ও কখনও কখনও হৃদয়বিদারক অভিজ্ঞতার সাক্ষী হন। রোগ ও মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে চিকিৎসকেরা যে রূপে ঈশ্বরকে উপলব্ধি করেন, আর সাধারণ মানুষ চিকিৎসকদের মধ্যেই যে ঈশ্বরের আশ্রয় খুঁজে পান—এই দ্বৈত অনুভূতিই বইয়ের মূল ভাব।
কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন চিকিৎসক এই বইয়ে ৩০টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ের আলোচনায় অংশ নিয়েছেন। বইয়ের পাতায় সাধারণ রোগের ক্ষেত্রে কী কী করণীয় এবং কী কী করণীয় নয়, জটিল রোগের মানসিক প্রস্তুতি, মস্তিষ্কের জটিলতা ও সার্জারির চ্যালেঞ্জ, টিউবারকিউলোসিস, অ্যালার্জি, কিডনি রোগ ও ট্রান্সপ্ল্যান্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যানসার, নিউরোলজিক্যাল অসুখ, শিশুস্বাস্থ্য এবং দৈনন্দিন অসুস্থতার প্রতিকারের তথ্য উপস্থাপিত হয়েছে।
প্রেসক্রিপশনের সীমা পেরিয়ে চিকিৎসকেরা এই বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছতে চেয়েছেন। বিপদের সময়, বইটির পাতা উল্টালেই পাঠক পাবেন নির্ভরযোগ্য দিশা—তাৎক্ষণিক করণীয় এবং সঠিক পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা।
বইটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ্যক্ষ স্বামী ধ্যানানন্দ মহারাজ, সাহিত্যিক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এবং একাধিক বিশিষ্ট চিকিৎসক। প্রবীণ চিকিৎসক ডা. সুকুমার মুখার্জি বলেন, “একসঙ্গে ৩০ জন চিকিৎসকের অভিজ্ঞতা সংকলিত একটি বই প্রকাশিত হওয়া সত্যিই অনন্য উদ্যোগ। আমার লেখায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও থাইরয়েড নিয়ন্ত্রণে সুস্থ জীবনযাপনের দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করি, এই বই বাঙালির ঘরে ঘরে সুস্থতার বার্তা পৌঁছে দেবে।”
রেডিওলজিস্ট ডা. সায়ন পাল বলেন, “ক্যানসার শব্দটি শুনলেই মানুষের মনে ভয় কাজ করে। এমন সময় বইটি হাতে থাকলে নির্ভরযোগ্য তথ্য ও মানসিক শক্তি পাওয়া যায়। সমাজের পাশে দাঁড়ানো চিকিৎসকদের এই সম্মিলিত প্রচেষ্টা কখনও ব্যর্থ হবে না। বইটি মানুষের শরীর ও মনের প্রকৃত বন্ধু হয়ে উঠবে।”