বারাসতের কালীপুজোয় আর ভিড়ে নাজেহাল হওয়ার ভয় নেই! এক ক্লিকেই জানতে পারবেন রিয়েলটাইম ভিড়ের অবস্থা, রুট, পার্কিং জোন ও পুলিশের সহায়তার তথ্য।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 October 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: বারাসত ও মধ্যমগ্রামে কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। প্রতি বছর এই সময় সেখানে তিলধারণের জায়গা থাকে না। রুট না জানায় অনেকেই হাঁপিয়ে পড়েন। এবার এই নিয়ে আর কোনও সমস্যা হবে না। বারাসত জেলা পুলিশ চালু করেছে বিশেষ কালীপুজো ওয়েবসাইট www.kalipujabarasat.in। এর মাধ্যমে দর্শনার্থীরা এক ক্লিকে জানতে পারবেন কোন মণ্ডপে কেমন ভিড়, সেখানে কীভাবে যাওয়া যাবে, পার্কিং জোন, নো-এন্ট্রি পয়েন্ট এবং পুলিশি সহায়তা কেন্দ্রের তথ্য।
একই সঙ্গে উদ্বোধন হয়েছে গাইড ম্যাপের, যাতে শহরে চলাচল আরও সহজ হয়। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বারাসত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতার দিক থেকে আসা বাসগুলোকে রথতলা মোড়ে আটকে রাখা হবে। রথতলা থেকে যশোর রোড পর্যন্ত দর্শনার্থীদের জন্য টোটো ও অটো পরিষেবা চালু থাকবে। শেঠপুকুর ও মিলনীর মাঠে পার্কিং জোন করা হয়েছে।
কালীপুজোর দিনগুলোতে মোট ২৬০০ পুলিশ মোতায়েন থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে, তা দিয়ে নজরদারি চলছে।
পুলিশ সুপার জানিয়েছেন, পুজোর রাতে শহরের বাসিন্দাদের যাতে কোনও সমস্যা না হয়, তাই আধার, ভোটার বা বিদ্যুতের বিল সঙ্গে রাখতে হবে। এছাড়া জায়ান্ট স্ক্রিনে লাইভ ভিড়ের টেলিকাস্ট দেখানো হবে, যাতে দর্শনার্থীরা আগেই বুঝতে পারেন কোন মণ্ডপে কতজন উপস্থিত।
বারাসত জেলা পুলিশ ‘ডিজিটাল সহায়তা’ হিসেবে উল্লেখ করেছে এই উদ্যোগকে। তাদের লক্ষ্য, এবার দর্শনার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কালীপুজো উপভোগ করতে পারবেন, শহরের ভিড় ও যানজট নিয়ন্ত্রণে রেখে।