হাওড়া স্টেশনে নামলেই গাড়ি! ভারতীয় রেল ও উবর মিলে চালু করল বিশেষ ট্যাক্সি পরিষেবা। আর দর কষাকষি বা লম্বা লাইন নয়—স্টেশনেই সহজ বুকিং ও পিকআপ।

Uber-এর বিশেষ পরিষেবা
শেষ আপডেট: 24 September 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন থেকে নেমে ট্যাক্সির জন্য লাইন, দরদাম কিংবা অ্যাপ নিয়ে ঝক্কি—এবার সবই সহজ হতে চলেছে। ভারতীয় রেল এবার হাত মেলাল মার্কিন বহুজাতিক পরিবহন সংস্থা উবের-এর (Uber) সঙ্গে। প্রথম ধাপে দেশের দুই ব্যস্ততম রেলস্টেশন হাওড়া ও আমেদাবাদে চালু হচ্ছে এই বিশেষ পরিষেবা। যাত্রীদের সময় ও ঝামেলা দুটোই কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী হাওড়া স্টেশনে আসা-যাওয়া করেন। এত মানুষের ভিড়ে সঠিক গাড়ি খুঁজে পাওয়া ও পিকআপ পয়েন্টে পৌঁছনো অনেকের কাছেই দুর্ভোগ। সেই সমস্যার সমাধানেই তৈরি হয়েছে Uber কিয়স্ক। স্টেশনেই থাকবেন উবরের কর্মীরা, যারা যাত্রীদের সঠিক গাড়ি বুক করতে সাহায্য করবেন এবং পিকআপ পয়েন্টে সহজে পৌঁছে দেবেন। প্রয়োজনে হাওড়া স্টেশনের ভিতরের ক্যাব রোড থেকেই যাত্রীরা গাড়ি পেয়ে যাবেন।
উবার ইন্ডিয়ার ডিরেক্টর শিবা শৈলেন্দ্রন জানিয়েছেন, এই অংশীদারিত্বের উদ্দেশ্য একটিই—যাত্রীদের জন্য আরও সহজ, নিরবচ্ছিন্ন এবং ঝামেলামুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। রেলযাত্রার পর সড়কপথে পৌঁছনোর অভিজ্ঞতা আরও মসৃণ করাই মূল লক্ষ্য।
ট্রেন থেকে নামার পর স্টেশনে উবরের নির্দিষ্ট বুথে যান। সেখানকার কর্মীরা আপনাকে অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করতে সাহায্য করবেন। বুকিং হয়ে গেলে নির্দিষ্ট পিকআপ পয়েন্টে গিয়ে গাড়িতে উঠুন। ফলে আর দর কষাকষি নয়, চালক খোঁজার ঝক্কিও নেই। ক্লান্ত যাত্রীরা কয়েক মিনিটেই নিজের গন্তব্যের গাড়ি পেয়ে যাবেন।