দ্য ওয়াল ব্যুরো: দুই ভিন্ন ধর্মের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ন'জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দু'জন। পুলিশ জানিয়েছে, রবিবার আমেদাবাদের বিক্রমগড় শহরের কাছে এই সংঘর্ষ ঘটে। লাঠিসোঁটা, পাথর নিয়ে দুই সম্প্রদায় পরস্পরকে আক্রমণ করে বলে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সমস্যার সূত্রপাত কাপড় শুকোনো নিয়ে। এক সম্প্রদায়ের ধর্মীয় এলাকার অধীনে থাকা একটি বিশেষ জায়গায় ভেজা কাপড় শুকনো করার জন্য মেলেছিলেন অন্য সম্প্রদায়ের দুই মহিলা। আমেদাবাদ (রুরাল) সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ আরভি আসারি জানান, সেই ঘটনা থেকেই শুরু হয় বাদানুবাদ, তা থেকে হাতাহাতি, যা পরে গড়ায় সংঘর্ষে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। অভিযোগ, আক্রান্ত হতে হয় তাঁদেরও। বিক্রমগড় থানার ইনস্পেক্টর ইউবি ধাখাডা বলেন, সংঘর্ষে আহত হন ন'জন। দু'জন ফ্র্যাকচার নিয়ে হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়তে হয়। গ্রেফতারও করতে হয় কয়েক জনকে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এলাকা।