
শেষ আপডেট: 25 December 2023 20:19
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সামনেই লোকসভা। কিন্তু এখনও রাজ্য বিভিন্ন জেলা থেকে বোমা উদ্ধারের খবর উঠে আসছে। বড় দিনের সকালেও মুর্শিদাবাদে কুলি এলাকার একটি পাবলিক টয়লেট থেকে উদ্ধার হল দুটি ব্যাগ ভর্তি বোমা। সেখানে মোট নটি তাজা বোমা রাখাছিল।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশেই রয়েছে এই টয়লেট। বহু মানুষ সেটি ব্যবহার করেন। এই টয়লেটটির দেখভাল করেন বৃদ্ধা মানিক শেখ।
তিনি বলেন, '' আমি শৌচালয় এসে দেখতে পাই দুটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ দুটি দেখে আমার সন্দেহ হয়। তখন আমি থানায় খবর দিই। সিভিক ভলান্টিয়ারা ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলিকে খুলে দেখার পর বুঝতে পারি সেখানে বোমা রাখা রয়েছে।''
খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশ বোমা স্কোয়াডের টিমকেও ডেকে পাঠায়। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কুলি এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, জনবহুল এলাকায় হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। এখানে ২০ থেকে ২৫ গ্রামের লোকজন ব্যবসা করতে এখানে আসেন।
বড়ঞা থানার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা এখন জানা যায়নি। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে বোম স্কোয়ার্ড।