
রামনবমীর দিন হামলার ঘটনায় তদন্ত করবে এনআইএ
শেষ আপডেট: 10 May 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের মতো এবছরও রামনবমীর দিন রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবি ওঠে। ফলত, কেন্দ্রীয় সংস্থাকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেয় এনআইএ। তারপরই আদালত জানিয়ে দিল, মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি ও হামলার ঘটনায় তদন্ত করবে তাঁরা।
চলতি বছর রামনবমীর দিন মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর অশান্ত হয়। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে রামনবমীর মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শক্তিপুরের পাশাপাশি মানিক্যহার এলাকাতেও চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ির ছাদ থেকে মিছিলকে লক্ষ করে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি জানিয়ে।
এতদিন এই হিংসার ঘটনায় তদন্ত করছিল সিআইডি। তবে এনআইএ-র তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই এই ঘটনার তদন্তভার পেল। এই মামলার আগের শুনানিতে কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্যের পরিস্থিতি নিয়ে। এমনকী বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথাও বলেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য ছিল, যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই।
শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনও রাজনৈতিক নেতা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায় সম্পর্কে কোনও মন্তব্য বা প্রচার করতে পারবেন না। এই বিষয়ের উপর সম্পূর্ণ নজরদারি রাখতে হবে তাঁকে। স্থানীয় স্তরে এ নিয়ে প্রচার করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আগামী ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি। সেদিন প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে।