দ্য ওয়াল ব্যুরো: বড়সড় বিস্ফোরণ হয়েছে রাওয়ালপিন্ডির মিলিটারি হাসপাতালে। রবিবার মাঝ রাতের এই বিস্ফোরণে গুরতর জখম হয়েছেন ১০ জন। এই হাসপাতালেই নাকি ভর্তি ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহার! সম্প্রতি এমনটাই দাবি করেছেন এক পাক নাগরিক। নিজের টুইটার হ্যান্ডেলে আসহান উল্লাহ মইখইল নামের এক রাওয়ালপিন্ডি হাসপাতালে বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, সেখানেই ভর্তি ছিল জইশ প্রধান মাসুদ আজহার।
নিজেকে মানবাধিকার কর্মী এবং পাসতুন তাহাফুজ আন্দোলনের (পিটিএম) সদস্য বলে দাবি করেছেন আসহান। টুইটারে ওই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, রাওয়ালিপিন্ডির মিলিটারি হাসপাতালের বিস্ফোরণে গুরতর জখম হয়েছেন ১০ জন। তাঁদের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই এই হাসপাতালে মাসুদ আজহার ভর্তি রয়েছেন বলে দাবি করেন ওই পাক নাগরিক। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে এই ঘটনার খবর সম্প্রচারের ক্ষেত্রে ব্ল্যাক-আউট করেছে পাক সংবাদমাধ্যম। মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলেও দাবি করেছেন আসহান।
https://twitter.com/AhsanUlMiakhail/status/1142805329782214656
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ভারতের তরফেও কোনও বিবৃতি পেশ করা হয়নি। কিন্তু যাই হোক না কেন, আসহানের টুইট প্রকাশ্যে আসার পর থেকে মাসুদ আজহারের গুরুতর জখম হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের কিছুদিন পরেই মাসুদ আজহারের ভুয়ো মৃত্যুর খবর রটেছিল। এই খবর রটার ক'দিন আগে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছিলেন গুরুতর অসুস্থ অবস্থায় পাকিস্তানেই রয়েছে মাসুদ আজহার। কুরেশি বলেছিলেন, মাসুদ এতটাই অসুস্থ যে বাড়ি ছেড়ে বেরনোরও উপায় নেই। একটি কিডনিও বিকল হয়েছে তার।
সে সময় আইএএনএস সূত্রে খবর ছিল, দ্বিতীয় কিডনি বিকল হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। অন্য একটি সূত্রের দাবি ছিল, বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকেই মৃত্যু হয়েছে মাসুদ আজহারের। পরে অবশ্য বিবৃতি দিয়ে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছিল মাসুদ মারা যায়নি। তবে জইশ প্রধান যে কিডনির অসুখে ভুগছে, মুত্রনালিতে সংক্রমণও হয়েছে, সে খবর আগেই ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। রাওয়ালপিন্ডির একটি হাসপাতালেই ভর্তিও ছিল মাসুদ আজহার, এ কথায় জানিয়েছেন গোয়েন্দারা। তবে রবিবার রাওয়ালপিন্ডির যে মিলিটারি হাসপাতালে বিস্ফোরণ হয়েছে, সেই হাসপাতালেই মাসুদ ভর্তি ছিল কি না সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।