দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেটে পর্ন ছবি দেখলেই ফটাফট খবর চলে যাবে পুলিশ ও সাইবার সেলের কাছে। সঙ্গে সঙ্গেই সে ব্যক্তিকে সতর্কবার্তা পাঠানো হবে। আর বার বার যদি কেউ পর্ন সাইটে ঘোরাফেরা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশে এখন ইন্টারনেটে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।
গত এক বছরে উত্তরপ্রদেশে নারী নির্যাতন সীমা ছাড়িয়েছে। ধর্ষণ, যৌন হেনস্থা, একের পর এক নৃশংস খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। নারী নির্যাতনে লাগাম টানতে তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, লকডাউনের এই সময় বিভিন্ন পর্নসাইট গুলিতে মানুষজনের আনাগোনা বেড়েছে। শিশু পর্নোগ্রাফি সাইটে ট্রাফিক আরও বেশি। এই সমস্ত কারণের জন্য অপরাধ বেড়েই চলেছে। তাই ইন্টারনেটে কড়া নজর রাখছে সাইবার সেল। যৌন নির্যাতন ও নারীদের ওপর হিংসার ঘটনা কমাতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে যার নাম ‘ইউপি ওম্যান পাওয়ারলাইন ১০৯০’ । ইন্টারনেটে পর্ন ছবি দেখলে বা পর্ন সাইট খুললেই সতর্কবার্তা পাঠাবে এই টিমযে ব্যক্তি পর্ন ছবি দেখছেন তাঁর কাছে মেসেজ যাবে। এই সতর্কবার্তা উপেক্ষা করলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
ইন্টারনেটে কোন সাইটে ট্রাফিক কত, অ্যানালিটিক্সে নজর রাখতে ‘উম্ফ’ নামে একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ইন্টারনেটে সার্চ সংক্রান্ত যাবতীয় তথ্য তারা পুলিশ ও সাইবার সেলকে সরবরাহ করবে। কোন কোন সার্ভার থেকে পর্নসাইটে সার্চ বেশি হচ্ছে তা বের করতে পারবে এই সংস্থা। সেই তথ্য জমা থাকবে পুলিশের ডেটাবেসে। অর্থাৎ কেউ যদি বার বার ইন্টারনেটে পর্নসাইটে অ্যাকসেস করে, তাহলে তার যাবতীয় তথ্য রেকর্ড করা থাকবে পুলিশের খাতায়।
২০১৭ সালের একটি সমীক্ষা বলেছিল, পর্নোগ্রাফি ছবি দেখায় ভারত গোটা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। ভারতীয়েরা গড়ে সাড়ে ৯ মিনিট যে কোনও পর্ন সাইটেই থাকেন। আমেরিকা এবং ব্রিটেনের পরই পর্ন-ট্র্যাকে এগিয়ে ভারত। ২০১৮ সালে নির্দেশিকা জারি করে ভারতে ৮২৭টি পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর পরেও লুকিয়ে চুরিয়ে বিভিন্ন সাইট থেকে পর্ন ছবি দেখা বা ডাউনলোড করার কাজ চলছে। লকডাউনে শিশু পর্নোগ্রাফির চাহিদাও বেড়েছে। তাই শুধু পর্ন সাইট নিষিদ্ধ করা নয়, এবার ইন্টারনেট সার্চেও নজর রাখা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ জানাচ্ছে, গোড়া থেকে শক্ত হাতে ব্যবস্থা নিলে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে বলেই আশা করা হচ্ছে।