দ্য ওয়াল ব্যুরো: বিহারের জয় দেখিয়ে কোভিড পরীক্ষায় পাশের সার্টিফিকেট নিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার সন্ধ্যায় বিহারের জয় উদযাপন উপলক্ষ্যে নয়াদিল্লির বিজেপি সদর দফতরে বক্তৃতা দেন মোদী। সেখানেই তিনি বলেন, কোভিড পরিস্থিতি যখন সারা দুনিয়ার তাবড় তাবড় দেশ নুইয়ে পড়েছে তখন ভারত মেরুদণ্ড টানটান করে দাঁড়িয়ে রয়েছে। বিহারের ফলাফল প্রমাণ করছে, কোভিড-১৯কে আমরা সফল ভাবে মোকাবিলা করেছি।
শুধু বিহার নয়। মঙ্গলবার দেশের উত্তর, পশ্চিম, দক্ষিণ, উত্তর-পূর্বের রাজ্যেও ছিল একাধিক উপনির্বাচনের ফলাফলেও জয়জয়কার দেখা গিয়েছে বিজেপির। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, কর্নাটক, তেলেঙ্গানা এমনকি মণিপুরে উপ-ভোটে বেশিরভাগ আসনেই জিতেছে বিজেপি। মোদী বোঝাতে চেয়েছেন, মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে আসলে মোদী সরকারের নীতি ও কাজকেই স্বীকৃতি দিয়েছেন।
এর আগে করোনা পরিস্থিতির মধ্যে ইউরোপের একাধিক দেশের তুলনা টেনে মোদী দাবি করেছিলেন, ভারতবর্ষ অনেক ভাল জায়গায় রয়েছে। বিহার ভোট জিতে তাতেই যেন গণ সিলমোহর দিতে চাইলেন প্রধানমন্ত্রী।
ভারতে কোভিডের সংক্রমণ শুরু হতেই কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনা নিয়ে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠছিল। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, মানুষের কাজ হারনো, অর্থনীতির ভয়ানক অধোগতির মতো বিষয় উষ্মা তৈরি করেছে বহু মানুষের মনে। বিরোধীরা এই অভিযোগও তুলেছিলেন যে কোভিডের সুযোগ নিয়ে সরকারি সম্পত্তি, তথা খনি, বিমানবন্দর, রেল ইত্যাদি বেচে দিতে চাইছে মোদী সরকার।
কথায় বলে, জো জিতা ওহি সিকান্দার। আর বাংলায় অনেকে বলেন, হেরো পার্টির কথা কেউ শোনে না। পর্যবেক্ষকরা অনেকে বলেছেন, মোদী যেন সেই সুযোগই নিলেন। বিহার ভোটের সাফল্য দিয়ে ধুয়ে দিতে চাইলেন কোভিড ব্যবস্থাপনার ব্যর্থতা। আর বিরোধীদের বক্তব্য, বিহারে নির্বাচনকে কোভিড নিয়ে গণভোট হিসাবে দেখা যায় না। বিধানসভা ভোট হয় মূলত স্থানীয় বিষয়ের ভিত্তিতে। মোদী কতটা ভাল কোভিড মোকাবিলা করেছেন তার হিসাব নিকেশ জাতীয় স্তরের নির্বাচনে হবে নিশ্চয়ই।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, এই জয় নির্দিষ্ট রাজ্যের সীমাবদ্ধ নেই। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত। মানুষ দেখেছে, শুধু কোভিড মোকাবিলা নয়, এই সময়ের মধ্যে সরকার নতুন শিক্ষানীতি প্রবর্তণ, কৃষি আইন পাশের মতো মাইলফলক কাজ করে দেখিয়েছে। প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিহারে বিজেপি জিতেছে। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে উপ নির্বাচনে সাফল্য পেয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে এক প্রকার গোটা দেশের মানুষের মতামত তাঁর সরকারের পক্ষেই রয়েছে।