'পুজোর মুডে' ঢুকে মৌলবাদীদের রোষে মীর, ফেজ টুপির ছবিতে পাল্টা কবিতায় সম্প্রীতির বার্তা
দ্য ওয়াল ব্যুরো: মীর আফসার আলি।
রেডিও জকি, সঞ্চালক, অভিনেতা, কমেডিয়ান, ব্যান্ডেজের লিড সিঙ্গার-- এই এতগুলো পরিচয় যাঁর, তাঁকে এবার মৌলবাদীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হল। কয়েক ঘণ্টার মধ্যে ফের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে একটি কবিতা লি
শেষ আপডেট: 23 September 2020 15:36
দ্য ওয়াল ব্যুরো: মীর আফসার আলি।
রেডিও জকি, সঞ্চালক, অভিনেতা, কমেডিয়ান, ব্যান্ডেজের লিড সিঙ্গার-- এই এতগুলো পরিচয় যাঁর, তাঁকে এবার মৌলবাদীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হল। কয়েক ঘণ্টার মধ্যে ফের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে একটি কবিতা লিখে পাল্টা জবাব দিলেন মীর। একেবারে সপাটে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়।
বুধবার বিকেলে একটি ছবি পোস্ট করেন মীর। পাঞ্জাবি আর জওহর কোট পরিহিত ছবিতে লেখেন, "ধীরে ধীরে পুজোর মুডে ঢুকছে দেখো কে ..."
তিনি কেন হিন্দু ধর্মের উৎসবের কথা লিখবেন তাই নিয়ে সংখ্যালঘু মৌলবাদীরা খাপ পঞ্চায়েত বসিয়ে দেন মীরের প্রোফাইলে। অনেকেই বলতে শুরু করেন, "ইদের সময় আপনার তো এত আদিখ্যেতা দেখি না!" এর বাইরেও লেখার অযোগ্য ভাষায় আক্রমণ ধেয়ে আসে.মীরের বিরুদ্ধে। বাদ দেওয়া হয়নি তাঁরা বাবা-মাকেও।

কয়েক ঘণ্টার মধ্যে একটি ফেজ টুপি পরা ছবি পোস্ট করেন মীর। তাতে সমস্ত জবাব দিয়ে দেন তিনি। শেষে তিনি লিখেছেন, "যে শিরে বরিষে গঙ্গার জল, সেই মাথাই ঢাকে টুপি।"
ইদের সিমাই-লাচ্চা থেকে অষ্টমীর ভোগের খিচুড়ি কিংবা বড় দিনের কেক- মীর আছেন সবেতেই। রেডিও, টিভির সঞ্চালনা থেকে তাঁর যাপন, ঘনিষ্ঠরা বলেন রোজ সম্প্রীতির অনুশীলন করেন মীর। তাঁর পোস্টে এমন আক্রমণ দেখে নেটিজেনদের অনেকেই প্রতিবাদে মুখর হয়েছেন।
এর আগে সংসদে শাখা-সিঁদুর পরে শপথ ও রথ কিংবা দশমীর সিঁদুর খেলায় হাজির থাকা নিয়ে নুসরত জাহানকেও আক্রমণের মুখে পড়তে হয়েছিল। যা দেখে অনেকেই বলেছেন, দেশে এক অদ্ভুত অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। যেখানে দুই মৌলবাদের প্রতিযোগিতার আস্ফালন চলছে প্রতিদিন।