দ্য ওয়াল ব্যুরো: গত ১৮ মে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছিল, ২৭ মে থেকে গণপরিবহণের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ছাড় দেওয়া হবে। আজ থেকে সেই মতো চলতে শুরু করেছে অটো ও ই-রিকশা। তবে পরিবহণ দফতর নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাত্রী এবং চালকদের ন'দফা গাইডলাইন মানতে হবে। সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত চলবে এইসব যানবাহন।
কী কী বলা হয়েছে পরিবহণ দফতরের নির্দেশিকায়?
১. চালক ছাড়া দু'জন যাত্রী উঠতে পারবেন অটো ও ই-রিকশায়। তার বেশি নয়।
২. কোনও যাত্রী অতিরিক্ত লোক তোলার জন্য চালককে প্ররোচিত করতে পারবেন না।
৩. কন্টেইনমেন্ট জোনে অটো ও ই-রিকশা নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. চালকদের কোনও ভাবেই যেন যাত্রীরা কন্টেইনমেন্ট জোনে যাওয়ার ব্যাপারে প্ররোচিত না করেন।
৫. প্রতিদিন অটো ও ই-রিকশা ধোয়ানোর পর বাইরে এবং ভিতরে ভাল করে স্যানিটাইজ করতে হবে।
৬. চালকদের মাস্ক পরতে হবে সারাক্ষণ। চালানোর সময় পরতে হবে গ্লাভসও।
৭. অটো বা ই-রিকশায় রাখতে হবে স্যানিটাইজার। ভাড়া নেওয়া বা যাত্রীদের টাকা ফেরত দেওয়ার পর তা হাতে মাখতে হবে।
৮. মাস্ক এবং স্যানিটাইজার না থাকলে যাত্রীকে ওঠানো যাবে না।
৯. কন্টেইনমেন্ট এলাকার যে ভাবে বদল হবে সে ভাবে অটো ও ই-রিকশারও রুট বদল হবে।
২০ জন যাত্রী নিয়ে জেলার ভিতর সরকারি বাস পরিষেবা চালু হয়েছে আগেই। রাজ্য সরকারের তরফে বেসরকারি বাস মালিকদের অনুরোধ করা হয়েছে বাস চালাতে। কিন্তু ভাড়া না বাড়ালে তা সম্ভব নয় বলে স্পষ্টই জানিয়ে দিয়েছ বাস মালিকদের সংগঠন। নির্দিষ্ট সংখ্যক হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাবও চলতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। তবে অটো ও ই-রিকশা চালু হওয়ায় স্বল্প দূরত্বের যাতায়াতে মানুষের বেশ খানিকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।