দ্য ওয়াল ব্যুরো: সব মিলিয়ে আর নয়দিনও বাকি নেই। তারপরেই ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড।
দুটি দলের মধ্যে কে এগিয়ে, কারা পিছিয়ে শুরু করবে, এই নিয়ে বিশেষজ্ঞদের গবেষণা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দল কোয়ারেন্টিনে থাকার পরে মাঠে নেমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও সবাই অনুশীলন শুরু করেনি। নিউজিল্যান্ড ইংল্যান্ডের মাঠেই তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে নিজেদের চাঙ্গা রাখছে।
যেহেতু সদ্য ম্যাচ খেলেই বড় ম্যাচে নামবেন কিউইরা, সেই কারণে তাদের এগিয়ে রাখছেন যুবরাজ সিং। ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন, ‘‘একটি ম্যাচের ফাইনাল যখন হচ্ছে, তখন একটা খারাপ সেশন মানেই ফাইনাল হাতছাড়া হতে পারে। তাছাড়া রুটদের বিরূদ্ধে দু'টি টেস্ট খেলে ২২ গজে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এগিয়ে থাকবেন উইলিয়ামসনরা। হয়তো ভারতের ব্যাটিং ভাল, কিন্তু কিউইদের বোলিং সেরা।’’
যুবরাজ সিং মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৩ ম্যাচের সিরিজ হিসেবে করা উচিত ছিল। তাতে প্রতিটি দল নিজেদের দক্ষতার শেষটুকু দেখাতে পারত। এক ম্যাচ দিয়ে এত বড় ফাইনাল বিচার করা যায় না।
উল্লেখ্য ১৮ ই জুন সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ।
যুবরাজ এই প্রসঙ্গে বলেছেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৩ টেস্ট ম্যাচের একটা সিরিজ হওয়া উচিত ছিল । প্রথমটায় যে দল হারুক না কেন, পরের দুটোয় কামব্যাক করার সুযোগ তাদের কাছে থাকত।’’
এমনকি ইংল্যান্ডের বিপক্ষে খেলেই মাঠে নামবে বলে কেন উইলিয়ামসনদের এগিয়ে রাখছেন যুবি। ২০১১ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটার জানিয়েছেন, ‘‘ভারত হয়তো বিদেশের মাঠে জিতেছে, কিন্তু ইংল্যান্ডের বর্তমান পরিবেশের সঙ্গে ভাল করে খাপ খাইয়ে নিতে পেরেছে নিউজিল্যান্ড, এই সুবিধে তো মানতেই হবে।’’