
শেষ আপডেট: 9 August 2018 13:10
দ্য ওয়াল ব্যুরো: কখনও তিনি নারদ, কখনও শ্রী রাম, কখনও বা সত্য সাঁই। একই অঙ্গে বহুসাজ! গত সাত দিনে সংসদে এ ভাবেই বদলে বদলে যেতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বৃহস্পতিবার যেন সবকিছুর ঊর্ধ্বে উঠে গেলেন তিনি। সোজা অ্যাডলফ হিটলার সেজে পৌঁছে গেলেন সংসদে। তিনি, প্রাক্তন অভিনেতা ও তেলুগু দেশম পার্টির সাংসদ নারামল্লি শিবপ্রসাদ।
২০১৪ সালে এনডিএ জোট ক্ষমতায় আসার পর থেকেই অন্ধ্রপ্রদেশেকে বিশেষ মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে এসেছেন চন্দ্রবাবু নায়ডু'র তেলুগু দেশম পার্টি। কিন্তু সে ব্যাপারে বিজেপি'র কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় সবার আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন চন্দ্রবাবু। তেলগু দেশমের পক্ষ থেকে বলা হয়, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কথার খেলাপ করেছেন নরেন্দ্র মোদীর সরকার।
কিন্তু তারপরেও আন্দোলন ও প্রতিবাদের পথ থেকে সরে আসেনি টিডিপি। সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। সংসদে ধর্নাতেও বসেছে। তবে এ সব প্রতিবাদে যিনি সবথেকে বেশি চোখ টেনেছেন তিনি হলেন নারামল্লি শিবপ্রসাদ। তিন দিন আগেই তিনি শ্রী রামচন্দ্র সেজে সাংসদে গিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সব কিছুকে ছাপিয়ে যান তিনি। একেবারে জার্মান ডিক্টেটরের বেশে পৌঁছে যান সাংসদে। বার্তাটা পরিষ্কার, মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করতে চাইলেন এই তেলুগু দেশম নেতা।
[caption id="attachment_25972" align="aligncenter" width="1200"]
গরুর গাড়ি চেপে সংসদে অটল বিহারী বাজপেয়ী [/caption]
সংসদে এ হেন প্রতিবাদ নতুন নয়। এরও দীর্ঘ ইতিহাস রয়েছে। পেট্রল, কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে সত্তরের দশকের গোড়ায় (জরুরি অবস্থার আগে) একবার গরুর গাড়ি চড়ে সংসদ ভবনে এসেছিলেন অটলবিহারী বাজেপয়ী। আরেকবার রাজ্যসভায় পেঁয়াজের মালা পরে এসেছিলেন এক বিরোধী সাংসদ। কারণ, তখন পেঁয়াজের আগুন দাম বাজারে। শাসক দলের এক নেতা পরে তাঁকে মজা করে বলেছিলেন, আচ্ছা, জুতোর দাম বাড়লে আপনি কি করবেন!