দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালের লিফটে টানা চারদিন আটকে ছিলেন এক মহিলা! টেরই পাননি কেউ। গত শুক্রবার অবশেষে তাঁকে উদ্ধার করা গেছে। জানা গেছে এই চারদিন শুধু চিড়ে আর জল খেয়েই লিফিটে ছিলেন ওই মহিলা।
কিন্তু কীভাবে এমনটা ঘটল?
হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলার নাম আনোয়ারা বিবি। বাদুড়িয়ার বাসিন্দা তিনি। তাঁর স্নায়ুর সমস্যা রয়েছে। মহিলার ছেলে জানিয়েছেন, তাঁর মা গত সোমবার হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। মায়ের খোঁজ করতে হাসপাতালে পৌঁছে যান ছেলে। কিন্তু কোনও খোঁজ মেলে না। অগত্যা হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং পুলিশকে মায়ের ছবি দিয়ে যান তিনি।
শুক্রবার রাতে এনআরএস হাসপাতালের নিরাপত্তারক্ষীরা দেখেন একটি লিফট আটকে রয়েছে মাঝপথে। ভিতর থেকে গোঙানির শব্দ আসছে। তখনই নড়ে চড়ে বসেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা খোঁজ করতেই দেখা যায় লিফটে আটকে রয়েছেন এক বয়স্ক মহিলা। সঙ্গে সঙ্গে লোকজন ডেকে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে ওই লিফটটি হাসপাতালে সাধারণত কেউ খুব একটা ব্যবহার করে না। কোণের দিকে থাকা লিফটটি যে আটকে রয়েছে বেশ কয়েকদিন ধরে তা কেউ খেয়ালই করেননি।
মহিলার চিকিৎসা করা হয়েছে হাসপাতালেই। তারপর তাঁকে তুলে দেওয়া হয়েছে পরিবারের লোকজনের হাতে। গোটা ঘটনায় নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মহল। খাস কলকাতার এমন বড় একটি হাসপাতালে কেন এই ঘটনা ঘটল তা ভেবেই পাচ্ছেন না কেউ।