
শেষ আপডেট: 28 November 2022 05:56
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা চার বছরের প্রীতম হালদার খেলতে গিয়ে বন্দুকের স্প্রিং ও ধাতব প্লেট গিলে ফেলে। বাচ্চাটার পরিবার জানিয়েছে, প্রথমে কিছু বোঝা যায়নি। পরে প্রচণ্ড কাশি শুরু হয় শিশুটির, অসুস্থ হয়ে পড়ে। কান্নাও থামছিল না তার। তখন তড়িঘড়ি তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে আসেন তার মা-বাবা। এক্স-রে করে বোঝা যায় শিশুটির খাদ্যনালীতে কিছু আটকে আছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে বাচ্চাটিকে এনআরএসে স্থানান্তরিত করা হয়। সেখানেও এক্স-রে করা হয়। দু'বার এক্স-রে করার পরে রিপোর্ট দেখে ডাক্তাররা বোঝেন ধাতব কিছু আটকে গেছে বাচ্চাটির খাদ্যনালীতে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সাহায্য নেওয়া হয় অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকদেরও।
ইএনটি বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যনালীতে এমনভাবে আটকে গিয়েছিল ধাতব প্লেট ও স্প্রিং যে বেশি দেরি হলে সেটি খাদ্যনালীর দেওয়াল ফুটো করে দিতে পারত। তাছাড়া চাপে সেটি আরও নীচের দিকে নামছিল। পরিস্থিতি বিপজ্জনক হতে পারত। তার আগেই অস্ত্রোপচার করে সেগুলি বের করে দেওয়া হয়।
মাত্র এক ঘণ্টার অপারেশনেই টিউব ঢুকিয়ে খাদ্যনালী থেকে স্প্রিং ও নল বের করে আনেন ডাক্তাররা। শিশুটির এখন আর কোনও শারীরিক সমস্যা নেই বলেই জানিয়েছে হাসপাতাল। আর কিছুদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'