দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ করতে থানায় গিয়েছিল ১৬ বছরের একটি মেয়ে। সঙ্গে ছিলেন বাবা-মা ও দাদা। কিন্তু সেখানে উল্টে সেই মেয়েকেই হেনস্থা করলেন হেড কনস্টেবল। এমনকী হেনস্থা করা হলো তার মা-বাবাকেও। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অবশেষে বরখাস্ত করা হয়েছে ওই হেড কনস্টেবলকে।
ঘটনাটি উত্তর প্রদেশের কানপুরের। সেখানে শ্লীলতাহানির অভিযোগ করতে বাবা-মা ও দাদাকে নিয়ে থানায় গিয়েছিল এক কিশোরী। কী হয়েছে জিজ্ঞাসা করাতে সে পুরো ঘটনার বিবরণ দেওয়া শুরু করে। তখনই হেড কনস্টেবল তার বাবু কিশোরীকে প্রশ্ন করেন, "তুমি হাতে কী পরে আছো আংটি? গলায় কী পরে আছো হার? এ সব কেন পরে আছো। এত গয়না পরার কী দরকার? এগুলো দেখেই তো বোঝা যায় তুমি কী?"
হেড কনস্টেবলের এই বক্তব্যের প্রতিবাদ করার চেষ্টা করেন কিশোরীর মা-বাবা। তাঁরা জানা, তাঁরা জন মজুর। তখন উল্টে বাবা-মাকেই ধমক দেন হেড কনস্টেবল। তিনি বলেন, "আপনারা কোথায় থাকেন? আপনারা দেখেন না, মেয়ে কী পরছে?"
এই পুরো ঘটনার ভিডিয়ো করে মেয়েটির দাদা। তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো নিয়ে টুইট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক পুর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। তিনি টুইট করে লেখেন, "যে শ্লীলতাহানির অভিযোগ জানাতে এসেছে, তার সঙ্গে কি এ ভাবে কথা বলা হয়? একদিকে যখন উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ দিনদিন বেড়েই চলেছে, অন্যদিকে তখন যাঁদের আইন রক্ষা করার কথা তাঁরা এ ভাবে ব্যবহার করছেন।"
https://twitter.com/priyankagandhi/status/1154278552268890112
প্রিয়ঙ্কার এই টুইটের পরেই শুরু হয় সমালোচনা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। ওই হেড কনস্টেবলের অপসারণের দাবিও তোলেন তাঁরা। অবশেষে চাপে পড়ে অভিযুক্ত হেড কনস্টেবলকে বরখাস্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেইসঙ্গে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে, তাঁদের খোঁজ করছে পুলিশ।