দ্য ওয়াল ব্যুরো: বিহারের নির্বাচন মিটে গেলেও আক্রমণ প্রতি-আক্রমণের খেলা এখনও চলছে। আরজেডি নেতা তেজস্বী যাদবের নিশানায় থাকছেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্যদিকে নীতীশও জবাব দিচ্ছেন লালু পুত্রকে। শুক্রবার বিহার বিধানসভাতেও একই ছবি দেখা গেল। তেজস্বীর অভিযোগের জবাব দিতে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠলেন নীতীশ।
শুক্রবার বিধানসভায় বারবার তেজস্বী নীতীশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছিলেন। তার জবাবে নিজের বক্তৃতায় নীতীশ বলেন, “ও মিথ্যে কথা বলছে। দায়িত্বজ্ঞানহীন কথা বলছে। আমি এতক্ষণ ধরে শুনছিলাম কারণ ও এমন একজনের ছেলে যিনি আমার কাছে ভাইয়ের সমান। কে ওকে উপমুখ্যমন্ত্রী করেছিল? যখন ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন আমি বলেছিলাম জবাব দিতে হবে। ও জবাব দেয়নি। তাই আমিই ছেড়ে বেরিয়ে এসেছি।”
নীতীশের এই আক্রমণের আগে একতরফা তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে থাকেন তেজস্বী। শুধু দুর্নীতির অভিযোগ আনা নয়, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করার অভিযোগও করেন তিনি। তেজস্বীর অভিযোগ, তাঁদের বড় পরিবারকে ও ছেলে হওয়ার আশায় লালুপ্রসাদ যাদবের একের পর এক সন্তান নেওয়াকে কটাক্ষ করেছেন নীতীশ। তিনি বলেন, “আমি আশা করছি মুখ্যমন্ত্রী জানেন, আমার বাবা-মায়ের সবথেকে ছোট সন্তান একজন মেয়ে। এবার আমি সবাইকে বলতে চাই মুখ্যমন্ত্রীর একটাই ছেলে রয়েছে। তাহলে তাঁর কথা অনুযায়ী মেয়ে হওয়ার ভয়ে কি তিনি আর কোনও সন্তান নেননি।”
৩২ বছরের এই আরজেডি নেতা এখনও ভোটে মহাজোটের হারের জন্য দায়ী করছেন নীতীশ কুমার প্রশাসনকে। তাঁর অভিযোগ, হাড্ডাহাড্ডি লড়াই হওয়া সিটগুলিতে প্রভাব খাটানো হয়েছে। তবে তাঁদের একক বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিহারের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিধানসভায় দাঁড়িয়ে তেজস্বী বলেন, “আমি চাকরির কথা বলেছি। আর আমি বিহারের মানুষের কাছে নতমস্তক হয়ে ধন্যবাদ জানাতে চাই, তাঁরা আমাদের ভোট দিয়ে একক বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। যদি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া কিছু আসনে ভোটে প্রশাসনিক আধিকারিকরা প্রভাব না খাটাতেন তাহলে হয়তো আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করার সুযোগ আমরা পেতাম।”
সেইসঙ্গে নির্বাচনী প্রচারে উন্নয়নের কথা না বলে ব্যক্তিগত আক্রমণ করার জন্য জেডিইউ ও বিজেপিকে কটাক্ষ করেন তিনি। প্রচারে এসে তেজস্বীকে ‘জঙ্গল রাজ কা যুবরাজ’ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া নীতীশ কুমারও প্রচারে নাম না নিয়ে লালুর সন্তানদের সংখ্যা নিয়ে কটাক্ষ করেছিলেন। সেই সবেরই জবাবে এই অভিযোগ করেন তেজস্বী। তার জবাব দিতে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠলেন নীতীশ।