দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের অতন্দ্র প্রহরী তাঁরা। তাঁদের নজর এড়িয়ে দেশে শত্রুপক্ষের প্রবেশ অসম্ভব। একচুল এদিক-ওদিক দেখলেই শত্রুকে গুলিতে ঝাঁঝরা করে দিতে হাত কাঁপে না তাঁদের।
কিন্তু কে বলে তাঁরা শুধু হাতে রাইফেলই ধরতে পারেন। শিল্পসত্ত্বা রয়েছে তাঁদের মধ্যেও। ফের একবার এ কথার প্রমাণ দিলেন এক সেনা জওয়ান। নেট দুনিয়ায় ভাইরাল তাঁর নাচ। ড্যান্স মুভস দেখে মুগ্ধ নেটিজেনরা। এর আগে অবশ্য সেনা জওয়ানের গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এমন ব্রেক ড্যান্স বোধহয় এই প্রথম।
সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে জংলা পোশাকে রাস্তার উপরেই মনের আনন্দে নাচ করছেন এক সেনা জওয়ান। তবে সে নাচ যে সে ব্যাপার নয়। একেবারে নিখুঁত স্টেপস। হিপ-হপ থেকে ব্রেক ড্যান্সের স্টেপস, সবই ছিল ওই সেনা জওয়ানের নাচে। একঝলক দেখলে মনেই হবে এই জওয়ান নিঃসন্দেহে মাইকেল জ্যাকসনের দারুণ ভক্ত। নাচের প্রতিটি ছন্দেই ছোঁয়া রয়েছে জ্যাকসনের।
https://twitter.com/i/status/1173230781327642624
অনুমান, জওয়ানের কোনও সহকর্মীই তাঁর নাচের ভিডিও তুলেছিলেন। সবকিছুর পাশাপাশি নজর কেড়েছে লাস্ট স্টেপ। যেখানে হাঁটু গেঁড়ে বসে নিশানা তাক করতে দেখা গিয়েছে ওই জওয়ানকে। যা দেখে অনেকেরই মত আমোদ-আহ্লাদের মাঝেও জওয়ান বুঝিয়ে দিয়েছেন কর্তব্যে কোনও ত্রুটি রাখেন না তিনি। বরং দায়িত্ব পেলে বুঝিয়ে দেন কোনও ফাঁকি নেই। শত্রুর দিকে ওঠা রাইফেলের নিশানা ঠিক থাকবেই।
কী গানের সঙ্গে ওই জওয়ান নাচ করছিলেন তা অবশ্য বোঝা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডের মিউজিক ছিল বেশ রিদমিক। আর বিটের তালে তালে পা মেলাচ্ছিলেন ওই জওয়ান। জানা গিয়েছে, কার্গিলের কোনও এক রাস্তায় ঝলক মিলেছে নৃত্যশৈলীতে নিপুণ এমন সেনা জওয়ানের। তাঁর প্রতিভা ছড়িয়ে পড়তেই রাতারাতি জওয়ানের ফ্যান হয়ে গিয়েছেন নেটিজেনরা। ৭০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিও। সকলেই প্রশংসা করেছেন ওই জওয়ানের।
ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, উপত্যকার নানান সমস্যার মধ্যেও যে এ ভাবে নিজের আনন্দ খুঁজে নিয়েছেন ওই জওয়ান তার জন্য তাঁকে কুর্নিশ। কেউ বা তারিফ করেছেন জওয়ানের ড্যান্স স্টেপসের। অনেকেই আবার বলছেন, ঠিকমতো প্রশিক্ষণ নিলে নিশ্চয় এতদিনে বলিউডে একটা সুযোগ পেয়েই যেতেন এই সেনা জওয়ান।