দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে হারতে হয়েছিল বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকরকে। কিন্তু তারপরেও এবার মহারাষ্ট্রের বিধানসভায় জায়গা হতে পারে তাঁর। রাজ্য বিধানসভার উচ্চকক্ষের জন্য তাঁর নাম মনোনয়ন করতে পারে শিবসেনা। কিন্তু সবটাই নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সেনা প্রধান উদ্ধব ঠাকরের হাতে।
শুক্রবার এমনটাই মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী যে ১২ সদস্যকে বিধানসভার উচ্চকক্ষের জন্য মনোনীত করবেন রাজ্যপাল তাঁদের মধ্যে নাম থাকতে পারে উর্মিলার।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শিবসেনার রাজ্যসভার সাংসদ তথা দলের প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার বলেন, “আমিও শুনেছি উর্মিলা মাতোণ্ডকরকে সরকার মনোনীত করতে পারে। এটা সম্পূর্ণভাবেই রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভার মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনিই এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন।”
৪৬ বছর বয়সী উর্মিলা উনিশের লোকসভায় উত্তর মুম্বই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে হারেন তিনি। তারপরে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছাড়েন তিনি। তাঁর অভিযোগ ছিল, দলীয় প্রার্থীর বিরুদ্ধেই কাজ করেছে কংগ্রেসের একটি অংশ।
সম্প্রতি আর এক বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াতের মন্তব্য নিয়ে শিবসেনার পাশে দাঁড়িয়েছিলেন উর্মিলা। কঙ্গনার মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার বিরোধিতা করেন তিনি। তার জন্য উর্মিলাকেও নিশানা করেছিলেন কঙ্গনা।
বিধানসভার এই উচ্চকক্ষের সদস্যদের মনোনীত করার অধিকার থাকে রাজ্যপালের হাতে। সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান ও সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে থেকেই তাঁদের মনোনীত করা হয়। তবে তার জন্য মন্ত্রিসভার প্রস্তাব লাগে। মহারাষ্ট্রে ১২টি আসনের জন্য শিবসেনা, কংগ্রেস ও এনসিপি তিন দলের চারজন করে প্রার্থীর নাম দেওয়া হবে বলেই খবর।
তবে এর মধ্যেই রাজ্যের মন্ত্রী অনিল পারাব এই প্রার্থী নির্বাচনকে ঘিরে কোনও রকমের গোপনীয়তার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তিন দলের নেতারা মিলে ১২টি নাম স্থির করবেন। তারপরে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেই নামের তালিকা রাজ্যপালের কাছে পাঠাবেন।
পিটিআই সূত্রে খবর, মারাঠি অভিনেতা তথা শিবসেনা নেতা আদেশ বন্দেকর, গায়ক আনন্দ শিণ্ডে ও বিজেপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়া নেতা একনাথ খাদসেকেও এই তালিকায় রাখা হতে পারে।