দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রচারের সময় অমেঠীর বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির ছায়াসঙ্গী ছিলেন তিনি। একাহাতে সামলেছিলেন সব দায়িত্ব। ভোটের ফল ঘোষণার পরেই আততায়ীদের হাতে খুন হতে হয়েছে বারাউলিয়া গ্রামের প্রাক্তন প্রধান সুরেন্দ্র সিংকে। খবর পেয়ে এ দিন দুপুরেই অমেঠী এসে পৌঁছন নতুন সাংসদ স্মৃতি। গিয়ে দেখা করেন সুরেন্দ্রর পরিবারের সঙ্গে। তারপরেই দেখা গেল সুরেন্দ্রর মরদেহে কাঁধ দিলেন স্মৃতি। নিজে কাঁধে করেই ছায়াসঙ্গীর মরদেহ নিয়ে গিয়ে তুললেন শববাহী গাড়িতে। সেইসঙ্গে জানালেন, সুরেন্দ্রর পরিবারের সব দায়িত্ব তাঁর।
শনিবার ভোররাতে নিজের বাড়ির বাইরেই গুলি করা হয় সুরেন্দ্রকে। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে লখনৌতে নিয়ে যেতে বলা হয়। রাস্তাতেই মারা যান সুরেন্দ্র। এই খুনের পর সুরেন্দ্রর পরিবার কংগ্রেসের উপর আঙুল তুলেছে।
https://twitter.com/ANI/status/1132594095334076416
সুরেন্দ্র সিংয়ের ছেলে অভয় সিং জানিয়েছেন, “আমার বাবা আগে বারাউলিয়া গ্রামের প্রধান ছিলেন। তখনই কংগ্রেস চক্রান্ত করে তাঁকে প্রধানের পদ থেকে সরিয়েছিল। কিন্তু গ্রামের মামুষ বাবাকে সম্মান করত। শনিবার ভোররাত ৩টের সময় বাবা বাড়ির বাইরে বসেছিলেন। তখনই আমরা গুলির আওয়াজ পাই। বাইরে বেরিয়ে দেখি বাবার মাথা থেকে রক্ত বেরাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বলে লখনৌ নিয়ে যেতে হবে। লখনৌ নিয়ে যাওয়ার সময় পাইনি আমরা।” অভয় আরও বলেন, “বাবাকে যারা গুলি করেছে, তাদের মুখ আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা নিশ্চিত এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে। বাবা স্মৃতি ইরানিজির হয়ে প্রচার করেছিলেন। আমাদের এলাকায় বিজেপি প্রচুর ভোট পেয়েছিল। সেই রাগেই বাবাকে খুন করা হলো।”
অমেঠীর পুলিশ সুপার জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর দাবি, ১২ ঘণ্টার মধ্যে আততায়ীদের গ্রেফতার করা হবে। তবে রাজনৈতিক বিবাদ নাকি পুরনো কোনও শত্রুতার জেরেও এই খুন, সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।
এ বারের নির্বাচনী প্রচারের সময় বারাউলিয়া শিরোনামে এসেছিল। এখানে এসে প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া অভিযোগ করেছিলেন, কংগ্রেস সভাপতি তথা অমেঠীর প্রার্থী রাহুল গান্ধীকে আক্রমণ করার জন্য এলাকায় জুতো বিলি করেছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। এই সময় সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনিই সব কিছুর দায়িত্বে রয়েছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় বিজেপি।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-national-hope-gautam-gambhir-not-his-duplicate-meets-people-on-roads-says-aap/