দ্য ওয়াল ব্যুরো: সার্জিক্যাল স্ট্রাইক এমনকী পুলওয়ামায় জঙ্গী হামলার ঘটনাকে সাজানো বলে আগেই দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। এমনকী তিনি বলেন, “আমার কথা মিলিয়ে নেবেন, লোকসভা নির্বাচনের আগে ফের পুলওয়ামার ধাঁচে একটি হামলা হবে। এই হামলা ঘটানো হবে দেশের সমস্যা থেকে জনসাধারণের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য।” নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরোধিতায় এবার আরও মারাত্মক আক্রমণ করলেন রাজ ঠাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নাৎসি নেতা হিটলারের তুলনা করলেন রাজ ঠাকরে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এক জন অ্যাডলফ হিটলার।" শনিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীকে 'ফেকু' সম্বোধন করে রাজ ঠাকরে বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীর যে মা আছেন তা আমি জানতামই না। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি প্রতি বছর সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যান।"
বরাবরই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন রাজ ঠাকরে। লোকসভা নির্বাচনের প্রচারে সেই বিরোধিতা যেন চরম রূপ নিয়েছে। মহারাষ্ট্র জুড়ে প্রচারে প্রতিটি জায়গায় 'মোদী মুক্ত ভারত', 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান তুলছেন তিনি। শনিবার সেই সঙ্গে রাহুল গান্ধীর হয়ে ভোট চাইলেন রাজ ঠাকরে। তিনি বলেন, "নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এবার রাহুল গান্ধীকেও সুযোগ দেওয়া উচিৎ। রাহুল হয়তো দেশের জন্য ভালো কিছু করবেন।"
শুধু মোদী নয়, বিজেপি সভাপতি অমিত শাহ নিয়েও সমান আক্রমণাত্মক ছিলেন রাজ ঠাকরে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান বলেন, "আমাদের দেশ এখন দুটি বড় সমস্যার মধ্য দিয়ে চলছে। একটি অমিত শাহ এবং অপরটি নরেন্দ্র মোদী।"
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-cm-mamata-banerjee-attacks-bjp-on-police-officer-transfer-issue/