দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। ভারতেও দিন দিন এই সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই এবার নতুন পদক্ষেপ নিল অ্যাপ ক্যাব ওলা। জানিয়ে দেওয়া হল, এই মুহূর্তে ভারতে ওলা-তে শেয়ারড রাইডসের ব্যবস্থা বন্ধ করা হচ্ছে। অর্থাৎ অপরিচিত যাত্রীরা একসঙ্গে যেতে পারবেন না এক গাড়িতে।
ওলা-র তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, শেয়ারড রাইডসে একসঙ্গে চারজন অপরিচিত যাত্রী যেতে পারেন। যেহেতু কেউ কাউকে চেনেন না, সেক্ষেত্রে এই ভাইরাস যদি কারও মধ্যে থাকে তাহলে তা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই এই মুহূর্তে এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি হওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এই অ্যাপ ক্যাব সংস্থার তরফে আরও জানানো হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ওলা। এই মুহূর্তে বিশ্বজুড়ে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। আর সেটা তখনই সম্ভব, যখন অল্প সংখ্যক যাত্রী গাড়িতে থাকবেন। কিন্তু এই শেয়ারড রাইডস অ্যাপ থাকলে সাধারণত কেউ একা থাকলে সেই পরিষেবা ব্যবহার করেন। কিন্তু এবার থেকে তিনি তা করতে পারবেন না। ফলে সোশ্যাল ডিসট্যান্সিং বাড়বে।
শেয়ারড রাইডস বন্ধ করে দিলেও ওলা-র বাকি পরিষেবা অর্থাৎ মাইক্রো, মিনি ও প্রাইম আগের মতোই থাকবে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থা।
বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই বিশ্বে ১০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে মারা গিয়েছেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৫৮। গত দু’দিনে নতুন করে অন্তত ৮৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশে সবাইকে যতটা সম্ভব সোশ্যাল ডিসট্যান্সিংয়ের আবেদন করেছেজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেশজুড়ে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কার্ফু’ জারি করারও আবেদন করেছেন তিনি। এই মুহূর্তে করোনা ভাইরাসের স্টেজ ২-এ রয়েছে ভারত। কোনওভাবেই যাতে তা স্টেজ ৩-এ না যায় তারই চেষ্টা করা হচ্ছে।