দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বন্ধ রয়েছে সব ধরনের পরিবহন ব্যবস্থা। বাড়িতেই দিন কাটাতে হচ্ছে ড্রাইভারদের। এই সময়ে তাঁদের ও তাঁদের পরিবারের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য রিলিফ ফান্ড গড়ল অ্যাপ ক্যাব সংস্থা ওলা। এই ফান্ডের নাম রাখা হয়েছে ‘ড্রাইভ দ্য ড্রাইভার ফান্ড’।
জানা গিয়েছে, এই ফান্ডের মাধ্যমে অ্যাপ ক্যাব, অটো রিকশা ও ট্যাক্সি ড্রাইভারদের সাহায্য করা হবে। ওলা গ্রুপের সমাজকল্যাণমূলক সংস্থা ওলা ফাউন্ডেশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ওলা গ্রুপ, তাঁদের বিভিন্ন ইনভেস্টর সাহায্য করবে। এছাড়াও সাধারণ মানুষের কাছেও সাহায্য চাওয়া হবে। সে টাকাটা পাওয়া যাবে, তা ড্রাইভারদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সাহায্যের ফলে এই মুহূর্তে তাঁদের জীবনধারণে কোনও সমস্যা হবে না।
ওলার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই রিলিফ ফান্ডের জন্য বিভিন্ন মহল থকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওলা গ্রুপের সব কর্মচারী ও অফিসাররা মিলে মোট ২০ কোটি টাকা এই রিলিফ ফান্ডে দেবেন। এছাড়া ওলা গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সিইও ভবেশ আগরওয়াল আলাদা করে এই ফান্ডে সাহায্য করবেন। তিনি তাঁর এক বছরের বেতন এই ফান্ডে দেবেন বলে জানিয়েছেন।
এই ‘ড্রাইভ দ্য ড্রাইভার ফান্ড’-এর প্রধান কাজই হবে ড্রাইভারদের পরিবারের জন্য জরুরি পরিষেবা দেওয়া। এই কঠিন সময়ের মধ্যে তাঁদের ও তাঁদের পরিবারকে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা ও ছোটদের শিক্ষার পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জীবন ধারণের কাজেও তাঁদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।
ওলা গ্রুপের মুখপাত্র আনন্দ সুব্রহ্মন্যম জানিয়েছেন, “এই কঠিন সময়ে হাজার হাজার ড্রাইভার বাড়িতে বসে রয়েছেন। তাঁদের কোনও রোজগার নেই। আর তাই এই ড্রাইভারদের সাহায্য করতেই এগিয়ে এসেছে ওলা। শুরুটা ওলা গ্রুপের মালিক ও কর্মচারীরা মিলে করে দিয়েছেন। এবার সব ইনভেস্টর ও সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যতটা পারবেন এই ফান্ডে সাহায্য করুন। তাতে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হবে। এই সময় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”