ব্যাঙ্ককে জানাতে হবে না ধর্ম, গুজব ওড়ালো কেন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে কেওয়াইসি ( নো ইওর অ্যাকাউন্ট ) ফর্মে জানাতে হবে না আপনার ধর্ম, সাফ জানিয়ে দিল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে গুজব রটেছে। এই ধরনের কোনও নিয়ম হচ্ছে না। কেওয়াইসি ফর্মে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়ে
শেষ আপডেট: 21 December 2019 16:52
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে কেওয়াইসি ( নো ইওর অ্যাকাউন্ট ) ফর্মে জানাতে হবে না আপনার ধর্ম, সাফ জানিয়ে দিল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে গুজব রটেছে। এই ধরনের কোনও নিয়ম হচ্ছে না। কেওয়াইসি ফর্মে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব রাজীব কুমার টুইট করে এই বিষয়ে গুজব ওড়ান। টুইটে তিনি লেখেন, “ভারতীয় নাগরিকদের তাঁদের ব্যাঙ্কে কেওয়াইসি ফর্মে ধর্মের কথা উল্লেখ করতে হবে না। এগুলো সবই গুজব। এইসব গুজবে পা দেবেন না।”
https://twitter.com/rajeevkumr/status/1208386369334071301?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1208386369334071301&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fbusiness%2Fnews-banks-religion-kyc-forms-caa-muslim-migrants-fema-573035
শনিবার সকালে সংবাদমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে এই খবর। বলা হয়, ব্যাঙ্কের কেওয়াইসি ( নো ইওর কাস্টমার ) ফর্মেও এবার থেকে উল্লেখ করতে হবে ধর্মের, এমনই নির্দেশিকা নাকি আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাঁরা তো বটেই, যাঁদের অ্যাকাউন্ট রয়েছে তাঁদেরও উল্লেখ করতে হবে ধর্মের। ব্যাঙ্কের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ( ফেমা ) তে পরিবর্তনের ফলেই কেওয়াইসি ফর্মে এই পরিবর্তন করা হচ্ছে।

সংবাদমাধ্যমে আরও খবর ছড়ায়, ফেমা-র ৩ নম্বর ধারায় এই পরিবর্তন করা হচ্ছে। নতুন ফেমা আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা ব্যাঙ্কে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। সঙ্গে সম্পত্তির মালিকানা রাখতে পারবেন। আগে এইসব শরণার্থীরা ছ’মাসের জন্য অ্যাকাউন্ট খুলতে পারতেন। কিন্তু এই নতুন নিয়মে পাকাপাকিভাবে তাঁরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেইসঙ্গে আজীবন সম্পত্তির মালিকানা নিজেদের কাছে রাখতেও কোনও সমস্যা হবে না তাঁদের।
এই গুজবে বলা হয়, নাগরিকত্ব আইনের মতো এই নতুন ফেমা থেকেও বাদ দেওয়া হয়েছে মায়ানমার ও শ্রীলঙ্কার মতো অন্যান্য প্রতিবেশী দেশের মুসলিমদের। এই আইন লাগু হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ ও বৌদ্ধদের জন্য। আইনে উল্লেখ করা হয়েছে তিনটি প্রতিবেশী দেশ থেকে আসা ঐ ছ'টি ধর্মের মানুষেরা ভারতে নিজেদের বসবাসের জন্য কেবলমাত্র একটি আবাসিক স্থাবর সম্পত্তি এবং নিজের কর্মসংস্থানের জন্য কেবলমাত্র একটি স্থাবর সম্পত্তি কিনতে পারবেন।
ব্যাঙ্কের নিয়মে এই পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। অনেকে অভিযোগ করেন, এতদিন পর্যন্ত ব্যাঙ্কের কেওয়াইসি ফর্মে ধর্মের কথা উল্লেখ করতে হত না। কিন্তু এবার তা করার কথা বলা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের পথেই হাঁটছে রিজার্ভ ব্যাঙ্কও। মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ম এলে তার বিরুদ্ধেও প্রতিবাদ হবে বলে জানান অনেক নেটিজেন। তারপরেই কেন্দ্রর তরফে এই গুজব উড়িয়ে আশ্বস্ত করা হয় দেশবাসীকে।