
শেষ আপডেট: 23 March 2020 14:17
কয়েক দিন আগে সার্ক ভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তিনি প্রস্তাব দেন, সার্ক এলাকায় করোনা মোকাবিলার জন্য একটা ইমারজেন্সি ফান্ড তৈরি করা হোক। সেই ফান্ডে প্রথম দাতা হিসেবে প্রায় ৮০ কোটি টাকা দেন মোদী। তারপরেই বাকিরা টাকা দেওয়া শুরু করে।
ইতিমধ্যেই এই তহবিলে নেপাল, ভুটান ও মলদ্বীপ অর্থসাহায্য করেছে। সেইসব দেশের প্রধানদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদী। এবার হাসিনাকেও ধন্যবাদ জানালেন তিনি। তবে এখনও পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই তহবিলে কোনও অর্থসাহায্য করেনি বলেই খবর।
সার্ক ভুক্ত দেশগুলির মধ্যে এই ভাইরাসের প্রকোপ সবথেকে বেশি ভারতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার এখনও পর্যন্ত ভারতে সংক্রামিতের সংখ্যা ৪১৫। আর একটি সূত্রের দাবি এখনও পর্যন্ত ৪১৯ জন্য করোনায় আক্রান্ত হয়েছেন। কোথাও বলা হচ্ছে আক্রান্তের সংখ্যা ৪২৭। সংক্রমণের সংখ্যা ৪০০ পেরোনোয় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে।
ভারতে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১৫ জন। সূত্রের খবর, আক্রান্তদেমধ্যে র ১৪ জন মুম্বইয়ের এবং এক জন পুণের বাসিন্দা।মহারাষ্ট্রে ইতিমধ্যেই করোনার সংক্রমণে মৃত্যুও হয়েছে তিনজনের। তাঁদের মধ্যে রয়েছেন ফিলিপিন্সের এক নাগরিক। রবিবার এবং সোমবার পরপর দু’দিন দু’জনের মৃত্যু হয়েছে মুম্বইতে।
বিশ্বজুড়েও ক্রমশ ভয়াবহ হচ্ছে নোভেল করোনাভাইরাস। উৎস দেশ চিন এই মহামারীর প্রকোপ রুখে দিতে পেরেছে বলে দাবি করলেও অন্যান্য আক্রান্ত দেশের অবস্থা ক্রমশই ভয়াল হয়ে উঠছে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সারা বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষেরও বেশি।