দ্য ওয়াল ব্যুরো: খুনের সাজা পাওয়া এক আসামি সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন। ফলে পুলিশের নজরদারিতে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছিল তাকে। সোমবার পুলিশের নজর এড়িয়ে ফেরার হয়েছে আসামি। তাকে খুঁজতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলাতে। পুলিশ সূত্রে খবর, থানে জেলার কল্যাণের মোহানে এলাকার এক যুবক গত ৩০ মে তার লিভ ইন পার্টনারকে খুন করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তার পরেই তার নমুনা পরীক্ষা করায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর পাওয়ার পরে ওই যুবককে গ্রেফতার করা কয়েক জন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এদিকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় ওই আসামিকে পুলিশের নজরদারিতে কোভিড কেয়ার সেন্টারে রাখতে। সেইমতো খড়কপাড়া পুলিশ স্টেশনের তিনজন পুলিশকর্মীর নজরদারিতে একটি সরকারি কোভিড কেয়ার সেন্টারে রাখা হয় তাকে।
জানা গিয়েছে, সোমবার সকালে নজরদারিতে থাকা তিন পুলিশকর্মীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই যুবক। একে খুনের আসামি, তার উপর করোনা পজিটিভ, দুটি সমস্যা ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। ওই যুবকের থেকে আরও অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
মহারাষ্ট্র পুলিশের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তাদের ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। চারদিকে প্রশাসনের তরফে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। জোর তল্লাশি চলছে ওই যুবককে গ্রেফতার করার জন্য।
ভারতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২২ জুন, সোমবার, সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৫,২৮২। এই সময়ের মধ্যে কোভিডে মোট মারা গিয়েছেন ১৩,৬৯৯ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুহার ৩.২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৪৪০ জন। অর্থাৎ এখনও পর্যন্ত ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২,৩৭,১৯৬ জন। এই সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ। অর্থাৎ ভারতে কোভিডে আক্রান্তের অর্ধেকের বেশি সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৭৪,৩৮৭।