দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে সার্ক-ভুক্ত সব দেশগুলির বৈঠক ছিল রবিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব দেশের প্রতিনিধিরা যোগ দেন এই বৈঠকে। সেখানেই সব দেশকে মিলে কাজ করার কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত এই ভাইরাস মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। একই ভাবে বাকি দেশগুলিকেও এগিয়ে আসতে হবে।
এদিনের বৈঠকে মোদী বলেন, “সবাই তৈরি থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না। আমাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। না ভেবেচিন্তে কেউ কিছু করবেন না। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”
ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে মোদী আরও বলেন, “এই যে আমরা একসঙ্গে এসেছি, তাতে খুব উপকার হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে করোনা ভাইরাসের মতো জীবাণুর মোকাবিলা করতে সক্ষম হব আমরা।”
এদিনের বৈঠকে সার্ক-ভুক্ত সব দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই জানান, তাঁদের দেশ করোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে। কোনও দেশের সাহায্যের প্রয়োজন থাকলে তাও একে অন্যকে করতে প্রস্তুত বলে রাজি হয়েছে সব দেশ। এই বিশ্বজুড়ে হওয়া মহামারী দূর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সবাই।
সার্ক-ভুক্ত দেশগুলি হল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মলদ্বীপ। এই দেশগুলিতে এই মুহূর্তে কারোনা আক্রান্তের সংখ্যা ১৫০। তার মধ্যে ভারতেই করোনা আক্রান্তের সংখ্যা ১০৭। মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতিতে সার্ক-ভুক্ত সব দেশকে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছিলেন মোদী। সেই আবেদনেই সাড়া দিয়েছেন সবাই।