দ্য ওয়াল ব্যুরো: পরনে লাল শার্ট। হাতে উদ্যত রিভলভার। সোমবার দিল্লির রাস্তায় দেখা গিয়েছিল এমনই এক যুবককে। নিমেষে তাঁর ছবিতে ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
গত ৪৮ ঘণ্টায় সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত রাজধানী শহর দিল্লি। সংঘর্ষের মাঝেই ভাইরাল হয়েছিল রিভলভার হাতে উদ্যত এই যুবকের ছবি। পুলিশ সূত্রে খবর তাঁর নাম শাহরুখ। তাঁকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জানা গিয়েছে দিল্লির শাহদারা এলাকার বাসিন্দা বছর ৩৩-এর শাহরুখ। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
প্রকাশ্যে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রিভলভার হাতে জাফরাবাদ থেকে মৌজপুরের দিকে হেঁটে আসছিলেন শাহরুখ নামের ওই যুবক। মুখোমুখি হন এক নিরস্ত্র পুলিশকর্মীর। তারপর পুলিশকর্মীর থেকে খানিক তফাতে গিয়ে শুন্যে গুলি চালাতেও দেখা গিয়েছে এই যুবককে। হাত নাড়িয়ে পুলিশকে পিছু হঠতেও বাধ্য করেন এই যুবক। পুলিশের অনুমান, ঘটনাস্থলের আশেপাশের কোনও বাড়ির ছাদ থেকে মোবাইলে তোলা হয়েছিল এই ভিডিও।
ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে যে রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবেই হেঁটে আসছিলেন ওই পুলিশকর্মী। আচমকাই শাহরুখ নামের যুবকের মুখোমুখি হন তিনি। সঙ্গে সঙ্গেই হাত তুলে পুলিশকর্মী বুঝিয়ে দেন যে তিনি নিরস্ত্র। তা শুনেও থামেননি শাহরুখ। বরং পুলিশকর্মীর দিকে রিভলভার উঁচিয়ে এগিয়ে গিয়ে রীতিমতো এলাকা ছাড়ার হুমকি দেন তিনি। শুন্যে গুলিও চালান। পিছনে থাকা অন্যান্যরা গুলির শব্দে ভয়ে-আতঙ্কে চিৎকার করে ওঠে। দিকবিদিকশুন্য হয়ে এলোপাথাড়ি পাথর ছুঁড়তে শুরু করেন অনেকেই। পাথর এসে লাগে ওই পুলিশকর্মীর গায়েও।
সোমবার সারাদিন অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল উত্তর-পূর্ব দিল্লিতে। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানীর রাজপথ। এই সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন পুলিশের হেড কনস্টেবল রতন লাল। মৃত্যু হয়েছে আরও ৬ জনের। মঙ্গলবারও অশান্তির আঁচ কমেনি। এদিন সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব দিল্লি। নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে পাথর ছোঁড়াছুড়ির খবর আসছে। কয়েকটি গাড়ি ও দোকানেও আগুন লাগানো হয়েছে। বন্ধ রয়েছে পাঁচটি মেট্রো স্টেশন। এখনও পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১০০-রও বেশি মানুষ।
সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১২ টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকের জন্য অমিত শাহ এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।