করোনা আক্রান্ত নার্স, সিল করে দেওয়া হল উত্তর দিল্লির বৃহত্তম হাসপাতাল
দ্য ওয়াল ব্যুরো: একজন নার্সের কোভিড ১৯ পজিটিভ আসার পরে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল এলাকায় অবস্থিত রাজধানীর বৃহত্তম হাসপাতাল হিন্দু রাও হাসপাতাল সিল করে দেওয়া হল। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালের এক কর্তা জানিয়েছেন,
শেষ আপডেট: 26 April 2020 03:15
দ্য ওয়াল ব্যুরো: একজন নার্সের কোভিড ১৯ পজিটিভ আসার পরে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল এলাকায় অবস্থিত রাজধানীর বৃহত্তম হাসপাতাল হিন্দু রাও হাসপাতাল সিল করে দেওয়া হল। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, ওই আক্রান্ত নার্স গত দু’সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন অংশে কাজ করেছেন। তাই কোথায় কোথায় সংক্রমণ ছড়িয়েছে সে ব্যাপারে কিছু আন্দাজ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাই এই পরিস্থিতিতে হাসপাতাল সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিন্দু রাও হাসপাতালের প্রশাসনিক দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে পুরো হাসপাতাল স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে ওই নার্সের সঙ্গে গত দু’সপ্তাহে কারা কারা সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো হাসপাতাল স্যানিটাইজ করার পরে ও সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানোর পরেই ফের এই হাসপাতাল খোলা হবে বলে জানানো হয়েছে।
উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার বর্ষা জোশী জানিয়েছেন, “শনিবার সন্ধ্যায় জানা যায়, হিন্দু রাও হাসপাতালে কর্মরত এক নার্সের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। যেহেতু গত দু’সপ্তাহে হাসপাতালের একাধিক অংশে ওই নার্স কাজ করেছেন, তাই আমরা পুরোপুরি জীবাণুমুক্ত করা ও নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত না করা পর্যন্ত হাসপাতাল সিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্ষা জোশী আরও জানিয়েছেন, “এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্য জায়গায় ব্যবস্থা করা হবে। এটা সম্পূর্ণ গাফিলতির ফলে হয়েছে। এই ব্যাপারে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।” কী ভাবে করোনা আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকা রোগীদের দেখভাল করতে হবে সেই সংক্রান্ত একটা নোটিস জারি করা হয়েছে কর্পোরেশনের তরফে।