দিল্লি থেকে ১৯টি বিমান বাতিল ইন্ডিগোর, দেরিতে চলছে ১৬টি, তালিকায় ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়াও
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিল্লি। দীর্ঘ জ্যাম দেখা গিয়েছে রাজধানী শহরের একাধিক রাস্তায়। তীব্র যানজটে ব্যাহত হয়েছে পরিষেবা। দিল্লির বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছিল ভয়
শেষ আপডেট: 19 December 2019 13:45
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিল্লি। দীর্ঘ জ্যাম দেখা গিয়েছে রাজধানী শহরের একাধিক রাস্তায়। তীব্র যানজটে ব্যাহত হয়েছে পরিষেবা। দিল্লির বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছিল ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট পরিষেবা।
বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ দিল্লি থেকে এবার একাধিক বিমান বাতিল করেছে ইন্ডিগো। ১৯টি বিমান বাতিল করা হয়েছে এবং দেরিতে চলছে ১৬টি বিমান। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে দিল্লির বিভিন্ন রাস্তায় বিশেষ করে ৮ নম্বর জাতীয় সড়কের দীর্ঘ যানজটে ফেঁসে রয়েছেন তাঁদের ক্রু মেম্বাররা। তার জেরেই বাতিল করতে হয়েছে অসংখ্য উড়ান। দেরিতে চলেছে বেশ কিছু বিমান।

তবে কেবল ইন্ডিগো নয় বৃহস্পতিবার দিল্লি থেকে বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাও। যদিও যাত্রীদের আশ্বস্ত করে তিনটি বিমান সংস্থাই জানিয়েছে, তাঁদের জন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না বলেও জানিয়েছে ভিস্তারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকেই নাগরিকত্ব সশোধনী আইনের প্রতিবাদে দিল্লির রাজপথে নামেন কাতারে কাতারে মানুষ। মিছিলের সঙ্গে চলতে থাকে স্লোগান। লাল কেল্লার সামনে একপ্রস্থ ধস্তাধস্তি হয় পুলিশের। তবে তাতেও দমেননি বিক্ষোভকারীরা। বরং হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগান নিয়ে যন্তরমন্তরের দিকে এগিয়ে চলে হাজার হাজার মানুষের মিছিল। কেউ উড়িয়েছেন জাতীয় পতাকা। কারওর মুখে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান। রাজনীতিবিদ, সমাজকর্মী, ছাত্রছাত্রী থেকে পরিবেশবিদ, মানবাধিকারকর্মী-----প্রতিবাদ মিছিলে একসঙ্গে সামিল সকলেই। ১৪৪ ধারাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এদিন রাজধানী শহর দিল্লিতে প্রতিবাদ দেখান বিক্ষোভকারীরা।