দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নতুন অ্যাপ আনতে চলেছে কেন্দ্র। এই অ্যাপের নাম ‘কোউইন ২০’। এই অ্যাপ ফোনে ইনস্টল করা থাকলে ব্যবহারকারীর সব তথ্য চলে আসবে সরকারের কাছে। তার থেকেই সরকার বুঝে যাবে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন আছে কিনা।
কী ভাবে কাজ করবে এই অ্যাপ?
নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, যে ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকবে, তিনি কোথায় কোথায় গিয়েছেন, কতজনের সঙ্গে দেখা করেছেন, সব তথ্য সরকারের কাছে চলে আসবে। এই অ্যাপ থেকেই সরকার বুঝতে পারবে, কোনও ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে কি না। তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।
কী ভাবে ইনস্টল করা যাবে এই অ্যাপ?
জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা এই অ্যাপ নিজেদের ফোনে ইনস্টল করতে পারে। বর্তমানে এই অ্যাপের বেটা টেস্টিং চলছে। একবার তা সম্পূর্ন হয়ে গেলেই গুগল প্লে স্টোর ও অ্যাপলের আইফোন অ্যাপ স্টোরে তা পাওয়া যাবে। এছাড়া বর্তমানে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে এই অ্যাপ পাঠানো আছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে এপিকে ফাইলের মাধ্যমে তা পাঠানো হচ্ছে। আর যদি আইফোন ব্যবহারকারীরা এখনই এই অ্যাপ ইনস্টল করতে চান, তাহলে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে তাঁদের ফোনের উইডিআইডি নম্বর পাঠাতে হবে। তাহলেই এই অ্যাপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র ব্যবহারকারীর লোকেশন জানাই নয়, এই অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত তা জানা যাবে। সেইসঙ্গে যদি কেউ করোনায় আক্রান্ত হন, বা উপসর্গ দেখা যায়, তাহলে দেশের কোথায় কোথায় এই পরীক্ষার ল্যাব ও কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে তার সব খবর পাওয়া যাবে এই অ্যাপে। জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যেই সবাই এই অ্যাপের সুবিধা পেতে পারবেন।
ইতিমধ্যেই করোনাভাইরাস রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে। এই সময় জরুরি পরিষেবা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এই ২১ দিনের মধ্যেই এই নতুন অ্যাপ নিয়ে আসতে চলেছে কেন্দ্র। এই অ্যাপ করোনা-সংক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই সরকারের ধারণা।