জল, খাবার নেই, করোনাভাইরাস আতঙ্কে চিনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে এয়ারলিফটের সিদ্ধান্ত
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ নিয়েছে চিনে। ইতিমধ্যেই এই ভাইরাসের কবলে পড়ে সেখানে ১৩২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত প্রায় ৬০০০ হাজার। এই পরিস্থিতিতে সেদেশে আটকে পড়েছেন বেশ কিছু ভারতীয়। তাঁরা ভিডিও কলের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন
শেষ আপডেট: 29 January 2020 05:32
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ নিয়েছে চিনে। ইতিমধ্যেই এই ভাইরাসের কবলে পড়ে সেখানে ১৩২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত প্রায় ৬০০০ হাজার। এই পরিস্থিতিতে সেদেশে আটকে পড়েছেন বেশ কিছু ভারতীয়। তাঁরা ভিডিও কলের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। খাবার, জলের জোগান কমে গিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এয়ারলিফট করে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে তাঁদের।
চিনের উহানে আটকে পড়া একদল ছাত্র ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তাঁরা জানিয়েছেন, সেখানে পরিস্থিতি খুব খারাপ। সব দোকান-পাঠ বন্ধ। ফলে খাবার ও জলের পরিমাণ কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের উদ্ধার করার আবেদন জানিয়েছেন তাঁরা।
গৌরব নাথ নামের এক ছাত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “শহর জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় আমাদের ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। তাই আমরা ক্যাম্পাসের ডরমিটরিতেই আটকে রয়েছি। আমাদের দিনে দু’ঘণ্টা বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সবকিছু বন্ধ থাকায় কিছু কেনা যাচ্ছে না। পরিবহণ বন্ধ রয়েছে। আমাদের কাছে মজুত খাবার ও জল কমে যাচ্ছে। চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য।” উহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়েন গৌরব। তিনি ছাড়াও আরও সাতজন আটকে রয়েছেন সেখানে। তাঁরা অসম, দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

এই পরিস্থিতিতে ডিজিসিএর তরফে জানানো হয়েছে, একটি বিমানকে উহান পাঠানো হবে। এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৪৭ বিমানকে এয়ারলিফট করে আনার জন্য তৈরি রাখা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “চিনের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে আমাদের দূতাবাস। বেশিরভাগ লোক, যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বিমানে করে উহান থেকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কাজ চলছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্রীয় সরকার কাজ করছে, সবার নিরাপত্তা আমরা নিশ্চিত করব।”
জানা গিয়েছে, ইতিমধ্যেই জাপান তাদের ২০০ নাগরিককে এয়ারলিফট করে বের করে নিয়ে গিয়েছে। আমেরিকাও তাদের ২৪০ নাগরিককে চিন থেকে বের করে নিয়ে এসেছে। সেই পরিকল্পনা রয়েছে ভারতেরও। যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।