মাথায় ১৬টা সেলাই নিয়ে কেমন আছেন ঐশী, কী বললেন পুলিশের ভূমিকা নিয়ে
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তপ্ত সারা দেশ। নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলকে বলেছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। এর মধ্যেই হাসপাতালে শুয়ে জে
শেষ আপডেট: 6 January 2020 08:15
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তপ্ত সারা দেশ। নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলকে বলেছেন, পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। এর মধ্যেই হাসপাতালে শুয়ে জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ বললেন, “হামলা করার জন্য যে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ঘিরছে, বিকেলবেলাই তা দিল্লি পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।”
দুর্গাপুরের মেয়ে ঐশী গতকাল রাতের হামলায় গুরুতর জখম হয়েছেন। হাতভেঙেছে তাঁর। মাথায় পড়েছে ১৬টি সেলাই। সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। বিকেলে ছেড়ে দেওয়ার কথা। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে ঐশী বলেন, “ছাত্রী হোস্টেলের পক্ষ থেকে আমরা দুপুর বেলা উপাচার্য ও রেজিস্ট্রারকে জানিয়েছিলাম বহিরাগতরা জড়ো হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে জমায়েত বাড়তে দেখে আমরা ফোন করি দিল্লি পুলিশের সদর দফতরেও। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয়ের বাইরের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশ সেই দায়িত্ব পালন করেনি।”
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে গতকাল রাতেই ছাত্ররা দিল্লি পুলিশের হেড কোয়ার্টার ঘেরাও করে ফেলেছিল। এদিন ঐশী আরও বলেন, “যে উপাচার্য ক্যাম্পাসের মধ্যে তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তাঁর লজ্জা হওয়া উচিত। ওই পদে থাকার তাঁর এক্তিয়ার নেই।” ঐশীর আরও অভিযোগ, “উপাচার্য আসলে সঙ্ঘপরিবারের এজেন্টের কাজ করছেন।”

এই বিতর্কের মধ্যেই ইস্তফা দিয়েছেন সবরমতী হোস্টেলের ওয়ার্ডেন আর মীনা। হাতে লেখা সংক্ষিপ্ত ইস্তফাপত্রে মীনা লিখেছেন, “আমি সবরমতী হস্টেলের সিনিয়র ওয়ার্ডেনের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চাই। কারণ আমরা চেষ্টা করেছিলাম, তবু হস্টেলে নিরাপত্তা দিতে পারিনি।”
মঙ্গলবার নতুন করে আন্দোলনের জন্য কোমর বাঁধছে বাম ছাত্ররা। অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা তাদের ১১ জন কর্মীকে খুঁজে পাচ্ছে না। তারাও আক্রান্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।