চার পায়ে ফুটবল: দেখুন গরুর ড্রিবলিং স্কিল
দ্য ওয়াল ব্যুরো: গরুর পায়ে যে এমন স্কিল হতে পারে, তা আগে কে জানত! একটা গরু যে এমন ড্রিবল করতে পারে তা-ই বা কে জানত!
ফুটবলার গরুর সঙ্গে নেট দুনিয়ার পরিচয় করিয়ে দিলেন ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। আর একটা শিংওয়ালা সাদা গরুর দ
শেষ আপডেট: 2 July 2019 11:28
দ্য ওয়াল ব্যুরো: গরুর পায়ে যে এমন স্কিল হতে পারে, তা আগে কে জানত! একটা গরু যে এমন ড্রিবল করতে পারে তা-ই বা কে জানত!
ফুটবলার গরুর সঙ্গে নেট দুনিয়ার পরিচয় করিয়ে দিলেন ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। আর একটা শিংওয়ালা সাদা গরুর দু’মিনিট ১২ সেকেন্ডের স্কিল, ড্রিবল, ফুটবলের প্রতি অদম্য টান দেখে তারিফ করল নেটিজেনরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। পায়ে বুট। গায়ে জার্সি। তার মাঝেই ঢুকে পড়ে ওই গরুটি। বল চলে যায় গরুটির পায়ে। তারপর নিজের দখলে রেখে দেয় বল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সামনের ডান পায়ের ইনস্টেপ, বাঁ পায়ের আউট স্টেপ দিয়ে সুনিপুণ ছোট ছোট টোকায় বল নিয়ে এগোতে থাকে। কখনও আবার মাথা নামিয়ে বল ঠেলতে থাকে।
এমন গরুর কাণ্ড দেখে হাসতে থাকে ওই কিশোরেরাও। কিন্তু সময় বয়ে যাচ্ছে। তাদেরও খেলতে হবে। এখন যদি গরু বল নিয়ে নিজের দখলে রেখে দেয় তাহলে তো মুশকিল! তাই এক কিশোর গরুর চার পায়ের ফাঁক থেকে বল কাড়ার দুঃসাহস দেখাতে যায়। আর তখনই দেখা যায় এ গরুর পায়ে শুধু লাতিন স্কিল নয়, ইউরোপীয় পাওয়ারও আছে।
বল নিজের দখলে রেখেই শরীর ব্যবহার করতে শুরু করে। কিছুতেই বল ছাড়বে না। তেড়ে যাওয়ার শ্যাডো করে। ময়দানের ভাষায় যাকে চুক্কি দেওয়া বলে। ওমনি ছুটে পালায় ওই কিশোর। এরপর গরুর সামনে আর পিছন দিয়ে দুই কিশোর বল কাড়তে যায়। একের বিরুদ্ধে দুই স্ট্র্যাটেজি। কিন্তু তাতেও ব্যর্থ হয় তারা। দু’দিকের দুই কিশোরকে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ওই গরুটি।
এরপর কোনও ক্রমে বুটের ডগা দিয়ে টোকা মেরে গরুর পা থেকে বল কেড়ে নেয় এক কিশোর। বাড়িয়ে দেয় অন্য জনকে। বড় করে দেয় মাঠ। এরপরই শুরু হয় একটি গরু বনাম চার কিশোরের বল চোর চোর খেলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গরুর কী তেজ! স্প্রিন্টের কী গতি! যে কোনও পেশাদার ফুটবলারের ঈর্ষা হবে। নাছোড় গরু। বল নিয়েই ছাড়বে। চারটে কি পাঁচটা স্ট্রোক একে অন্যকে দিয়েছে ওই কিশোরেরা। তার মধ্যেই ফের বল দখলে নিয়ে নেয় গরু।
https://www.youtube.com/watch?v=-PK8iH2T2Bs
অনেকে বলছেন, জার্সি গরু হয় শুনেছি। কিন্তু গরু যে এমন জার্সি পরা ফুটবলারদের সঙ্গে সেয়ানে সেয়ানে পাল্লা দিতে পারে তা আগে জানা ছিল না।