দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপকার্টের কো-ফাউন্ডার শচীন বনশলের বিরুদ্ধে পণের জন্য শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়া বনশল। শুধু শচীন নন, তাঁর বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রিয়া।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কোরামঙ্গল পুলিশ স্টেশনে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়া। শচীন ছাড়া তাঁর বাবা সত্যপ্রকাশ বনশল, মা কিরন বনশল ও ভাই নিতীন বনশলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়া। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পণ বিরোধী আইনের আওতায় ৪৯৮ এ ( পণের জন্য অত্যাচার ) ও ৩৪ ( অপরাধমূলক মানসিকতা ) এই দুই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রিয়া অভিযোগ করেছেন, তাঁদের বিয়ের পর থেকেই এই অত্যাচার শুরু হয়। তাঁর বাবা বিয়েতে ৫০ লক্ষ টাকা খরচ করেছিলেন। এছাড়াও আলাদা করে শচীনকে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু তারপরেও বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ। এমনকি সম্পত্তিও শচীনের নামে লিখে দেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ করেছেন প্রিয়া।
নিজের অভিযোগে প্রিয়া লিখেছেন, তিনি বাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করতেন। শচীন নাকি তাঁকে প্রায়ই মারধর করতেন। এমনকি তাঁদের দুজনের নামে যে সম্পত্তি ছিল তাও শচীনকে লিখে দেওয়ার জন্য চাপ দিতেন তিনি। অনেক দিন মুখ বুজে সব সহ্য করার পরে আর না পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
ফ্লিপকার্টের কো-ফাউন্ডার ছিলেন শচীন বনশল। ২০১৮ সালে ওয়ালমার্ট ফ্লিপকার্ট কিনে নিলে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। তারপরে একাধিক কোম্পানিতে টাকা ঢেলেছেন তিনি। তার মধ্যে অনেক স্টার্টআপও রয়েছে। এমনকি ওলাতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন শচীন বনশল।