দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসির ওয়েবসাইট থেকে তালিকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল অসম প্রশাসন। এফআইআর দায়ের করা হল প্রোজেক্ট ম্যানেজারের দায়িত্বে থাকা মহিলা আধিকারিকের বিরুদ্ধে। অসমের এনআরসির জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে কাদের নাম তালিকায় উঠল আর কাদের নাম বাদ গেল, তার পূর্ণাঙ্গ তালিক তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোকে। জানা গিয়েছে, এই ঘটনার পর উইপ্রোর সঙ্গেও চুক্তি বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রোজেক্ট ম্যানেজারের দায়িত্বে থাকা মহিলা কর্মী অফিস থেকে বেরনোর আগে দু’জন অন্য কর্মীকে আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান প্রশাসনের।
এনআরসির কার্যনির্বাহী নির্দেশক চন্দনা মোহন্ত ওই মহিলা প্রোজেক্ট ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যদিও তাঁর নাম প্রকাশ করেনি অসম সরকার। চন্দনা মোহন্ত সংবাদমাধ্যমকে বলেন, “এনআরসি একটি স্পর্শকাতর বিষয়। এত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যে ঘটনা ঘটেছে তার জন্য অভিযোগ জানানো হয়েছে।” সুপ্রিম কোর্টের নির্দেশেই এনআরসি তালিকা ওয়েবসাইটে আপলোড করেছিল অসম সরকার। ফলে এই ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশও লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা গিয়েছে, দু’জন এমন আধিকারিককে গত নভেম্বর মাসে আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন প্রোজেক্ট ম্যানেজার, যাদের তা জানার কোনও এক্তিয়ারই নেই। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটি বড়সড় অপরাধ বলে অভিযোগ করা হয়েছে।
গত বছর ৩১ অগস্ট এই তালিকা প্রকাশ করা হয়। যদিও এখনও পর্যন্ত রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই তালিকায় সম্মতি দেওয়া হয়নি। কয়েক দিনের মধ্যেই সেই সম্মতি নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে যায়। মঙ্গলবার রাতে যখন বিষয়টি প্রথম সামনে আসে, তখন জানা যায় যে সার্ভারে এই বিরাট পরিমাণ তথ্য ছিল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সময়ে পুনর্নবীকরণ হয়নি বলেই এমন ঘটনা ঘটেছে। কিন্তু পরে আইডি, পাসওয়ার্ড চালাচালির বিষয়টি সামনে আসে।